মতিঝিলে গাড়ি ভাংচুর জামায়াত-শিবির কর্মীদের
যুদ্ধাপরাধের মামলায় জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায়ে ক্ষুব্ধ জামায়াত- শিবির কর্মীরা রাজধানীর মতিঝিলে শনিবার সকালে ঝটিকা মিছিল বের করে।
এসময় তারা কায়েকটি গাড়িতে ভাংচুর চালায় বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।
সকাল সাড়ে ১০টার দিকে ছাত্রশিবির ফকিরাপুল এলাকায় একটি বিক্ষোভ মিছিল বের করে। এ সময় পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে তাদেরকে ছাত্রভঙ্গ করে দেয়।
মতিঝিল থানার ওসি হায়াতুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফো ডটকমকে জানান, ঘটনাস্থল থেকে কাউকে আটক করা যায়নি। জামায়াত-শিবির কর্মীদের হামলায় কেউ আহত হয়নি।
প্রায় একই সময় তেজগাঁও নাবিস্কো বিস্কুট কারখানার সামনে একটি মিছিল বের করার চেষ্টা করে জামায়াত-শিবিরকর্মীরা।
অবশ্য তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি ফারুক আহমেদ জানান, জামায়াত- শিবির কোন মিছিল বের করেনি। পুলিশ সতর্কবার্তা হিসেবে ওইসব এলাকায় গাড়ি নিয়ে মহড়া দিয়েছে। এতেই সাধারণ মানুষ ভেবেছিল জামায়াত-শিবির জড়ো হয়ে মিছিল বের করার চেষ্ঠা করছে।
