জামায়াতের তাণ্ডব: চট্টগ্রামে ৫ মামলা
জামায়াত-শিবিরের হামলা-ভাংচুরের ঘটনায় লোহাগাড়া, সাতকানিয়া ও সীতাকুণ্ডে পাঁচটি মামলা হয়েছে।
এর মধ্যে লোহাগাড়ায় দুটি, সাতকানিয়ায় দুটি ও সীতাকুণ্ড থানায় হয়েছে একটি মামলা। এসব মামলায় আসামি করা হয়েছে অন্তত সাড়ে ছয় হাজার জনকে।
লোহাগাড়া থানার ওসি মোহাম্মদ শাজাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশ সদস্যকে হত্যা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা দুটি হয়েছে। এতে গ্রেপ্তার হওয়া আট জনের নাম উল্লেখ করে আরো তিন থেকে চার হাজার জনকে আসামি করা হয়।
বৃহস্পতিবার দুপুর থেকে বিকাল পর্যন্ত লোহাগাড়ার আমিরাবাদ ও রাজঘাটা এলাকায় ব্যাপক তাণ্ডব চালায় জামায়াত-শিবির। এ সময় সংঘর্ষে পুলিশ সদস্যসহ দুইজনের মৃত্যু হয়।
পুলিশের ওপর হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় সাতাকনিয়ায় করা মামলায় আটজনের নাম উল্লেখ করে তিন থেকে চার হাজার জনকে আসামি করা হয়েছে বলে জানান ওসি মো. ইসমাইল।
সাতকানিয়া কেরানি হাট ও এর আশেপাশের এলাকায় সাঈদীর ফাঁসির রায়ের পর পুলিশের ওপর হামলা চালায় জামায়াত ও শিবির।
সীতাকুণ্ড থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) ফেরদৌস আলী জানান, ওই দিন রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কভার্ড ভ্যানে আগুন এবং সড়ক অবরোধের ঘটনায় একটি মামলা করা হয়েছে।
মামলায় ৪৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো পাঁচ-ছয়শ জনকে আসামি করা হয়েছে।
এদিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতাকনিয়া ও লোহাগাড়ার বিভিন্ন পয়েন্টে জামায়াত-শিবিরকর্মীদের দেয়া অবরোধ অব্যাহত আছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট থানার ওসি।
সকাল থেকেই শিবিরকর্মীরা গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে সড়ক অবেরাধ করে রাখে।
পুলিশ ও বিজিবি সদস্যরা বিভিন্ন পয়েন্টে গাছের গুঁড়ি ও অবরোধকারীদের হটিয়ে দিলেও পুনরায় তারা অবস্থান নিয়ে নেয়।
