২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবান থেকে দূরপাল্লার যান চলাচল বন্ধ

বান্দরবান-কেরানিহাট সড়কে দোরিয়াহাট ও বাজালিয়ায় গাড়ি ভাংচুর ও সহিংসতার পর বান্দরবান-চট্টগ্রাম সড়কে দূরপাল্লার যান চলাচল বন্ধ রয়েছে।

বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2013, 12:24 PM

Updated : 23 Aug 2022, 10:17 AM

তবে অভ্যন্তরীণ যান চলাচল করছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

শুক্রবার সকাল থেকে জেলা সদরের সঙ্গে সারাদেশের সড়কপথে যোগাযোগ বন্ধ রয়েছে।

বান্দরবান জেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন নেতা ও সদর উপজেলা চেয়ারম্যান এম আবদুল কুদ্দুছ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দোরিয়াহাট ও বাজালিয়ায় বৃহস্পতিবার সকালে বান্দরবানগামী পাঁচটি বাসসহ ১০টি গাড়ি এবং রাতে ঢাকাগামী একটি বাস ভাংচুর করেছে জামায়াত সমর্থকরা।

তাই ফের হামলার ভয়ে সড়ক পরিবহন ইউনিয়ন শুক্রবার থেকে এ সড়কে যাবতীয় যানবহান চলাচল বন্ধ রেখেছে।

পরিস্থিতি বুঝে পরে যানবাহন চলাচল শুরু করা হবে বলে তিনি জানান।

বান্দরবান শহরের এস আলম কাউন্টারের টিকিট বিক্রেতা মো. আইয়ুব বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা সারাদিন কোনো বাস ছাড়েননি। কখন ছাড়বেন তাও বলতে পারেন না।

পুলিশ সুপার কামরুল আহসান বলেন, বান্দরবানে আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক এবং নিয়ন্ত্রণে আছে।