নারী-শিশুকে ঢাল বানিয়ে জামায়াতের তাণ্ডব
জামায়াত-শিবির নিজেদের রক্ষা করতে নোয়াখালীতে নারী ও শিশুদের ‘ঢাল’ হিসাবে ব্যবহার করছে বলে পুলশ জানিয়েছে।
সকাল থেকে তৌহিদী জনতার ব্যানারে জামায়ত-শিবিরের কর্মীরা চৌমুহনী-সোনাইমুড়ি, সোনাইমুড়ি-চাটখিল ও সোনাইমুড়ি-লাকসাম সড়ক অবরোধ করে যানবাহনে ভাংচুর ও অগ্নিসংযোগ করে।
পুলিশ সুপার মাহবুবুর রশীদ জানান, অবরোধের খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যায় পুলিশ ও বিজিবি। কিন্তু অবরোধে আশপাশের গ্রাম থেকে নারী ও শিশুকে নিয়ে আসা হয়েছে ‘মানবঢাল’ হিসাবে ব্যবহার করার জন্য।
“এজন্য পুলিশ অ্যাকশনে যেতে পারছে না। ফলে ওই এলাকায় যান চলাচল সকাল থেকেই বন্ধ রয়েছে,” বলেন মাহাবুবুর রশীদ।
সোনাইমুড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাছিনা বেগমও নারী ও শিশুদের ‘ঢাল’ হিসাবে হিসাবে ব্যবহারের সত্যতা স্বীকার করেন।
বৃহস্পতিবার দুপুরে একাত্তরে মানবতাবিরোধী অপরাধে দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর বেগমগঞ্জের রাজগঞ্জে মন্দির ভাংচুর ও হিন্দু সম্প্রদায়ের কয়েকটি বাড়িতে আগুন লাগিয়ে দেয় জামায়াত-শিবিরকর্মীরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের উপরও হামলা হয়।
