নোয়াখালীতে গুলিবিদ্ধ আরেকজনের মৃত্যু
নোয়াখালীর বেগমগঞ্জে জামায়াত-শিবিরের সহিংসতার সময় গুলিবিদ্ধ আরো এক ব্যক্তি মারা গেছেন।
শুক্রবার সকালে কৃষিশ্রমিক নূরউদ্দিন শহরের বেসরকারি হাসপাতাল মাদারল্যান্ডে মারা যান বলে জানান বেগমগঞ্জ থানার ওসি সৈয়দ আহসানুল ইসলাম।
নূরউদ্দিন (১৬) সদরের খলিফার হাট এলাকার বাসিন্দা। এ নিয়ে নোয়াখালীতে বৃহস্পতিবারের সহিংসতায় নিহতের সংখ্যা হল তিন।
বৃহস্পতিবার দুপুরে একাত্তরে মানবতাবিরোধী অপরাধে দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর বেগমগঞ্জের রাজগঞ্জে মন্দির ভাংচুর ও হিন্দু সম্প্রদায়ের কয়েকটি বাড়িতে আগুন লাগিয়ে দেয় জামায়াত-শিবিরকর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের উপরও হামলা হয়। এ সময় পুলিশ গুলি ছুঁড়লে দুই ব্যক্তি নিহত হন, আহত হন কয়েকজন।
সহিংসতার জেরে শুক্রবার সকাল থেকে তৌহিদী জনতার ব্যানারে একদল বিক্ষোভকারী চৌমুহনী-সোনাইমুড়ি, সোনাইমুড়ি-চাটখিল ও সোনাইমুড়ি-লাকসাম সড়ক অবরোধ করে যান চলাচলে বাধা দেয়। এসময় তারা একটি ট্রাক ও একটি মটরসাইকেলে আগুন দেয়।
এ সময় অবরোধের দৃশ্য ধারণ করতে গিয়ে আরটিভির জেলা প্রতিনিধি মনির হোসেন বাবু আহত হন।
সোনাইমুড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাছিনা বেগম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে পুলিশ।
এদিকে বৃহস্পতিবারের তান্ডবের পর শুক্রবার ভোর রাত থেকে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৪ জন জামায়াত-শিবিরকর্মীকে আটক করা হয়েছে বলে জানান জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মাহাবুব রশিদ।
