দিনাজপুরে বাস বন্ধ, চিরিরবন্দরে ১৪৪ ধারা
জামায়াতের সহিংসতার পর দিনাজপুরের চিরিরবন্দর বাজার এলাকায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রাশাসন।
বৃহস্পতিবার রানীরবন্দর এলাকায় জামায়াত-পুলিশ সংঘর্ষ
দিনাজপুরের জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার দুপুর ১২টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত চিরিরবন্দর বাজার এলাকায় সব ধরনের সভা সমাবেশ মিছিল নিষিদ্ধ থাকবে।
বৃহস্পতিবার দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায়ের পর ব্যাপক সহিংসতা শুরু করে জামায়াত-শিবির কর্মীরা। তারা পুলিশ ও বিজিবি সদস্যদের সঙ্গে সংঘর্ষে জড়ালে এক যুবক নিহত হয়।
বৃহস্পতিবার দুপুর থেকেই রানীরবন্দর এলাকায় দিনাজপুর-রংপুর মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে ব্যারিকেড দিয়ে রেখেছে জামায়াত-শিবির কর্মীরা। ফলে জেলায় সবধরণের ভারি যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
শুক্রবারও দিনাজপুর থেকে দুরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি বা দিনাজপুরে কোন বাস প্রবেশ করেনি বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. রফিক।
তিনি বলেন, “গতকাল দুপুরে রানীরবন্দরে নিরাপদ জায়গায় থামিয়ে রাখার পরও দুষ্কৃতিরা দুটি বাসে আগুন দেয়। আরো কয়েকটি বাস-ট্রাক ভাংচুর করে। এ অবস্থায় রাস্তায় কোনা নিরাপত্তা না থাকায় ঢাকা রুটের কোচগুলোও বন্ধ রয়েছে।”
এ বিষয়ে জানতে চাইলে দিনাজপুরের পুলিশ সুপার দেবদাস ভট্টাচার্য্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমক বলেন, “মালিক বা শ্রমিক পক্ষ এখনো পুলিশকে কিছু জানায়নি। তারপরও যান চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।”
তবে জামায়াত-শিবিরের চোরাগোপ্তা হামলার মধ্যে শত শত কিলোমিটার সড়কে যান চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা কঠিন বলে মন্তব্য করেন তিনি।
