২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তারা মুক্তিযুদ্ধকে স্বীকার করে না: ইনু

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বিএনপি আবারো প্রমাণ করল তারা মহান মুক্তিযুদ্ধকে স্বীকার করে না।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2013, 10:04 AM

Updated : 23 Aug 2022, 10:17 AM

জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায়ের পর দেশব্যাপী সহিংসতার ঘটনায় বিএনপির অবস্থানের পরিপ্রেক্ষিতে শুক্রবার কুষ্টিয়ায় তিনি একথা বলেন।

সকালে ভেড়ামারা উপজেলা চত্বরে কৃষি ও প্রযুক্তি মেলা ২০১৩ উদ্বোধনকালে জাসদ সভাপতি ইনু সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

বৃহস্পতিবার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে সারাদেশে ‘বিরোধী দলসহ সাধারণ মানুষের’ ওপর পুলিশ-র‌্যাব ও ক্ষমতাসীন দলের ‘নির্বিচারে গুলি বর্ষণের’ নিন্দা জানান।

এ বিবৃতির সমালোচনা করে জাসদ নেতা বলেন, জামাত শিবির ও উগ্রাবাদীরা দেশে যে সশস্ত্র হামলা চালিয়েছে তা মোকাবেলা করতে গিয়ে কিছু প্রাণহানি ঘটেছে। এটা দুঃখজনক ঘটনা।

মন্ত্রী বলেন, একাত্তেরের মুক্তিযুদ্ধে আলবদর, রাজাকার এবং পাকিস্তানি সেনাবাহিনী পৃথিবী কাঁপানো যে গণহত্যা ও নারী নির্যাতন করেছে বিএনপি তাকে খাটো করল। এটা অত্যন্ত দুঃখজনক এবং এর মাধ্যমে তারা আরও একবার প্রমান করল দেশের স্বাধীনতার সাথে তাদের কোনো সর্ম্পক নেই।

“গণতন্ত্রকে নিরাপদ করতে আমরা এ জামায়াত শিবিরের তাণ্ডব মোকাবেলায় একদিকে প্রশাসনিকভাবে অন্যদিকে রাজনৈতিকভাবে পদক্ষেপ নেব,” বলেন ইনু।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও প্রাণিসম্পদ অধিদপ্তরের যৌথ আয়োজনে তিন দিনব্যাপী এ মেলার উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন যুগ্মসচিব আকলিমা জহির রিতা, কুষ্টিয়া জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন, ভেড়ামারা পৌর মেয়র শামীম-উল ইসলাম ছানা প্রমুখ।

মুক্তিযুদ্ধের সময় হত্যা, ধর্ষণ, লুটপাট, অগ্নিসংযোগ ও হিন্দুদের জোর করে ধর্মান্তরিত করার অপরাধে দেলাওয়ার হোসাইন সাঈদীকে  মৃত্যুদণ্ড  দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।  

বৃহস্পতিবার দুপুরে রায় ঘোষণার পরপরই রাজধানীর শাহবাগসহ দেশের বিভিন্নস্থানে নানা শ্রেণিপেশার মানুষ রাস্তায় নেমে এসে উচ্ছ্বাস প্রকাশ করে।   

অন্যদিকে রায় প্রত্যাখ্যান করে গাইবান্ধা, ঠাকুরগাঁও, রাজশাহী, রংপুর, দিনাজপুর, চট্টগ্রাম সিলেটসহ দেশের বিভিন্নস্থানে ব্যাপক সহিংসতা চালিয়েছে জামায়াতে ইসলামী ও তাদের সহযোগী সংগঠন ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা। এতে বহু হতাহত হয়েছে।