‘সাঈদীর ফাঁসির রায়ে জাতি আনন্দিত’
যুদ্ধাপরাধের মামলায় জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায়কে ‘স্বচ্ছ ও নিরপেক্ষ’ অভিহিত করে একে স্বাগত জানিয়েছেন মহাজোটের সাংসদরা।
হত্যা, ধর্ষণ, লুটপাট, নির্যাতন ও ধর্মান্তরে বাধ্য করার মতো মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি এটিএম ফজলে কবীর বৃহস্পতিবার সাঈদীর উপস্থিতিতে জনাকীর্ণ আদালতে এ মামলার রায় ঘোষণা করেন।
তিনি বলেন, সাঈদীর বিরুদ্ধে ২০টি অভিযোগের মধ্যে আটটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে, যার মধ্যে দুটি হত্যাকাণ্ডও রয়েছে।
আওয়ামী লীগের জ্যেষ্ঠ সাংসদ আমির হোসেন আমু বলেন, “আজ আমরা অভিষ্ঠ লক্ষ্যে উপনীত হতে পেরেছি। তরুণ প্রজন্ম যারা যুদ্ধ যেখেনি, ইতিহাস থেকে জেনে তারা মাঠে নেমেছে। ষোল কোটি মানুষ তাদের প্রতি আস্থা রেখেছে। এজন্য সাহসিকতার এ রায় দেওয়া সম্ভব হয়েছে বলে আমি মনে করি।”
এ রায়ে দেশের ষোল কোটি মানুষের সমর্থন রয়েছে বলেও মনে করেন তিনি।
আমু আশা প্রকাশ করেন, বঙ্গবন্ধুর খুনিদের ফাঁসির মধ্য দিয়ে জাতি কলংকমুক্ত হয়েছিল, এবার যুদ্ধাপরাধীদের রায় কার্যকরের মধ্য দিয়ে জাতির নতুনভাবে পূর্ণ পাপ ও কলংকমুক্ত হবে।
ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাংসদ রাশেদ খান মেনন বলেন, “কাদের মোল্লার রায়ের পর এ সংসদে আমরা হতাশা প্রকাশ করেছি। আজও একটি রায় হয়েছে। এ রায় স্বচ্ছ ও নিরপেক্ষ হয়েছে। পুরো জাতি আজ আনন্দিত।”
তিনি অারো বলেন, দুর্ভাগ্য যে, এ রায়ের আগে জামায়াতে ইসলামী হরতাল ডেকেছে। কিন্তু জনগণ এ হরতাল প্রত্যাখ্যান করে রাস্তায় নেমেছে।
মেনন এও উল্লেখ করেন যে, সাঈদী ‘অন্যায়ভাবে’ সাংসদ নির্বাচিত হয়েছিলেন। আদালতের রায় ছিল আওয়ামী লীগের সুধাংশ শেখর হালদারের পক্ষে।
“সাঈদী ধর্মের অপব্যবহার করেই ক্ষান্ত থাকে নি, নিজের বয়সকেও সংশোধন করেছে। সংসদীয় কমিটি প্রমাণ পেয়েছে- ধর্মের ক্ষেত্রে নয়, ব্যক্তিগত জীবনেও সে অপরাধী। আইনের মারপ্যাচ করে সংসদ সদস্য ছিলেন। হাইকোর্টের রায়ের আলোকে তার এ পদ বাতিল করলে সুধাংশু শেখর হালদারের প্রতি সত্যিকার অর্থে শ্রদ্ধা জানানো হবে।”
এ রায়ের মাধ্যমে নিহতদের পরিবার স্বান্তনা খোঁজে পেয়েছে বলেও মনে করেন মেনন।
সাঈদীর ফাঁসির রায়ে সন্তোষ প্রকাশ করে ফজিলাতুন নেসা বাপ্পি বলেন, “আজ বাঙালি জাতির জীবনে এক ঐতিহাসিক দিন। মুদির দোকানি, পেয়াজ-মরিচের ব্যবসা করতো সাঈদী। একাত্তরে আমার বোনকে পাক সেনারা হত্যা করেছে, আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান। এ রায়কে অভিনন্দন।”
আলোচনায় আরো অংশ নেন আওয়ামী লীগের সাংসদ সুবিদ আলী ভুইয়া।
বিকালে ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। দিনের কার্যসূচি অনুযায়ী প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপনের পরই অনির্ধারিত এ আলোচনা চলে।
