২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণজাগরণ মঞ্চে শোকরানা মোনাজাত

যুদ্ধাপরাধী সাঈদীর মৃত্যুদণ্ডের রায়ে শাহবাগে শোকরানা মোনাজাত করেছে গণজাগরণ মঞ্চের আন্দোলনকারীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2013, 11:59 AM

Updated : 23 Aug 2022, 10:17 AM

বৃহস্পতিবার বিকাল পৌনে ৫টার দিকে জাগরণ মঞ্চে একজন ইমাম এই মোনাজাত পরিচালনা করেন।

যুদ্ধাপরাধের দায়ে দুপুরে জামায়াত ইসলামীর নায়েবে আমীর দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুদণ্ডের রায় দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।  

প্রায় ১০ মিনিট ধরে চলা মোনাজাতে ধর্ম ব্যবসায়ী জামায়াত শিবিরের গজব কামনা করে বলা হয়, “ইসলামে কোনো হত্যাকারী, ধর্ষণকারীর জায়গা নেই।”

একই সঙ্গে গণজাগরণ মঞ্চের তরুণদের জন্য দোয়া করে বলা হয়, “হে আল্লাহ, এইসব তরুণদের আরো শক্তি দান করেন।”

এ সময় হাজারো কণ্ঠে উচ্চারিত হয় আমিন।

মানবতাবিরোধী অপরাধের কারণে একাত্তরে সাঈদীকে পিরোজপুরের মানুষ চিনত ‘দেইল্লা  রাজাকার’ নামে। তিনি যে রাজাকার বাহিনীর সদস্য ছিলেন এবং পাকিস্তানি বাহিনীর সঙ্গে বিভিন্ন অপরাধের ঘটনায় অংশ নিয়েছেন।

২০১০ সালে ট্রাইব্যুনাল গঠনের মধ্য দিয়ে বহু প্রতীক্ষিত বিচার প্রক্রিয়া শুরুর পর যুদ্ধাপরাধের মামলার তৃতীয় রায় হিসেবে সাঈদীকে দণ্ডিত করা হয়।

প্রথম রায়ে গত ২১ জানুয়ারি ট্রাইব্যুনাল-২ জামায়াতে ইসলামীর সাবেক রুকন আবুল কালাম আযাদ ওরফে বাচ্চু রাজাকারের ফাঁসির আদেশ দেয়।

আর একই ট্রাইব্যুনালে ৫ ফেব্রুয়ারি দ্বিতীয় রায়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়, যা প্রত্যাখ্যান করে তার ফাঁসির দাবিতে আন্দোলন চলছে সারা দেশে।