২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেইসবুক দেখায় ৪ ঘণ্টার বিপত্তি

দেলাওয়ার হোসাইন সাঈদীর রায় ঘোষণার সময়টায় ফেইসবুকে ঢুকতে সমস্যায় পড়েছেন ব্যবহারকারীরা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2013, 11:48 AM

Updated : 25 Apr 2022, 06:25 PM

দেশের বিভিন্ন স্থান থেকে সামাজিক যোগাযোগের জনপ্রিয় এই মাধ্যমের অনেক ব্যবহারকারী জানান, দুপুর একটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ফেইসবুকে ঢুকতে পারেননি তার। এ সময়টায় ফেইসবুক বন্ধ করে দেয়া হয়েছিল বলে অভিযোগ করেন তারা।

তবে ফেইসবুক বন্ধ করা হয়নি দাবি করে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)জানায়, কোনো ধরনের কারিগরি ক্রটির কারনে এ সমস্যা হতে পারে।

হত্যা, ধর্ষণ, লুটপাট, নির্যাতন ও ধর্মান্তরে বাধ্য করার মতো মানবতাবিরোধী অপরাধে বৃহস্পতিবার দুপুরে জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আগের দিনই রায় ঘোষণার তারিখ ঘোষণা করায় ফেইসবুকে এ নিয়ে বিপুল আলোচনা শুরু হয়। বৃহস্পতিবার সকাল থেকেই বাংলাদেশের ফেইসবুক ব্যবহারকারীদের আলোচনার মূল বিষয় ছিল সম্ভাব্য রায়।

সাঈদীর রায় ঘোষণার প্রায় এক ঘণ্টা আগে ফেইসবুকে ঢুকতে সমস্যা পড়েন ব্যবহারকারীরা। এ সমস্যার কথা জানিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে একাধিক টেলিফোন আসে।

এ বিষয়ে যোগাযোগ করা হলে, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ কম্পিউটার সিকিউরিটি ইনসিডেন্ট রেসপন্স টিমের (বিডি-সিএসআইআরটি) আহ্বায়ক গিয়াসউদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিটিআরসির পক্ষ থেকে ফেইসবুক বন্ধ বা ব্লক করে দেওয়ার কোনো সিদ্ধান্ত হয়নি, কোনো কারিগরি ক্রটির কারনে এ সমস্যা হতে পারে।

বিটিআরসি সিস্টেম এন্ড সার্ভিস এবং ইঞ্চিনিয়ারিং এন্ড অপারেশনন্স এর দায়িত্বে থাকা উর্ধ্বতন কর্মকর্তারাও জানান, ফেইসবুকে বন্ধে কোন নির্দেশনা আসেনি।

ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অব বাংলাদেশ (আইএসপি) সভাপতি আখতারুজ্জামান মঞ্জু বিডিনিউজ টোয়েন্টিফো্র ডটকমকে জানান, আইএসপিগুলো দিয়ে ফেইসবুকে প্রবেশে কোনো সমস্যা হচ্ছে না।

তবে ফেইসবুকে অতিরিক্ত ‘হিট’ হওয়ায় এ সমস্যা হতে পারে বলে জানান তিনি।

বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) তথ্য কর্মকর্তা মীর মোর্শেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়েগুলোতে (আইআইজি) এ ধরনের কোনো সমস্যা নেই।  

বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারাও জানান, বাংলাদেশ ইন্টারনেটে কোনো সমস্যা নেই।

বিকেল ৫টায় ফেইসবুকে ঢোকার সমস্যা কেটে যাওয়ার পর ব্যবহারকারী অনেককেই এ নিয়ে ‘স্ট্যাটাস’ দিতে দেখা গেছে।

বাংলাদেশে ফেইসবুক ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৩৩ লাখ। বর্তমানে বিশ্বে ফেইসবুক ব্যবহারীকারীর সংখ্যা ১০০ কোটি ছাড়িয়েছে।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রন কমিশনের হিসাব অনুযায়ী বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীরর সংখ্যা ৩ কোটির বেশী।