‘প্রত্যাশিত রায় পেয়েছে জাতি’
যুদ্ধাপরাধের দায়ে জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে ট্রাইব্যুনালের ফাঁসির আদেশে স্বস্তি প্রকাশ করেছে মুক্তিযোদ্ধারা।
হত্যা, লুণ্ঠন, নির্যাতনের মতো মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
সেক্টর কমান্ডার্স ফোরামের সহ-সভাপতি কে এম শফিউল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ রায়ই আমরা প্রত্যাশা করেছি। স্বস্তি পাচ্ছি। দেশের মানুষ এ রায়ে খুশি।”
শহীদ জায়া শ্যামলী নাসরিন চৌধুরী বলেন, “কাদের মোল্লার রায় শুনে যে জ্বালা যন্ত্রণা ক্ষভে সৃষ্টি হয়েছিল, ও রায়ে তা অনেকখানি প্রশমিত হয়েছে। রায়ে আমি সন্তুষ্ট।”
গণজাগরণ মঞ্চের যে দাবি ছিল তা পূরণ হয়েছে জানিয়ে তিনি পরবর্তী রায়গুলোতেও একই আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে বলে আশা প্রকাশ করেন।
“আজকের রায়ের জন্য ট্রাইব্যুনাল ও সরকারের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।”
ট্রাইব্যুনালের সামনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন বলেন, “আমরা ন্যায় বিচার পেয়েছি। এ রায়ে জনতার রায়ের প্রতিফলন ঘটেছে।”
যুদ্ধাপরাধীর ফাঁসির আদেশ হ্ওয়ায় একজন মুক্তিযোদ্ধা হিসেবে আনন্দিত বলে জানান তিনি।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু বলেন, “শহীদের আকাঙ্খা বৃথা যায় নি। এ রায়ে জনতার আকাঙ্খার প্রতিফলন ঘটেছে।”
ঘাতক দালাল নির্মূল কমিটির সহ-সভাপতি মুনতাসীর মামুন বলেন, “আমি সব সময় বলেছি-যা অপরাধ হয়েছে তা সত্য। ইতিহাস এ সত্যের প্রমাণ বহন করে। এ রায়ের মা্ধ্যমে ঐতিহাসিকসত্যের প্রতিফলন ঘটেছে।”
তিনি আরো বলেন, “সাঈদীর যে ১২টি অভিযোগ প্রমাণিত হয়নি তাও সত্য। রাষ্ট্রপক্ষ আপিল করলে তা প্রমাণিত হবে বলে আমি বিশ্বাস করি।”
কাদের মোল্লার রায়ের বিরুদ্ধে আপিল করলে তারও সর্বোচ্চ শাস্তি হওয়ার বিষয়ে আশাবাদী মুনতাসীর মামুন।
