দূরপাল্লার বাস চলছে না, ট্রেন-লঞ্চ স্বাভাবিক
দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তির দাবিতে জামায়াতে ইসলামীর ডাকা হরতালে রাজধানীতে বেশ কিছু যাত্রীবাহী বাস চলছে। তবে বন্ধ আছে দূরপাল্লার বাস চলাচল।
ট্রেন ও লঞ্চ চলাচল স্বাভাবিকই রয়েছে।
রাজধানীর সড়কগুলোতে রিকশা ও অটোরিকশা চলতে দেখা গেছে। কিছুসংখ্যক প্রাইভেটকারও বেরিয়েছে রাস্তায়।
দেলাওয়ার হোসাইন সাঈদীর যুদ্ধাপরাধের মামলার রায় ঘোষণার দিনে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী দল জামায়াতে ইসলামীর ডাকা হরতালে নগরীতে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
হরতালে বিশৃঙ্খলা এড়াতে ভোর থেকেই রাজধানীর প্রধান সড়কে অবস্থান নেয় বিপুল সংখ্যক পুলিশ ও র্যাব সদস্য।
গাবতলী, মিরপুর-১, মিরপুর-১২, পল্লবী, শ্যাওড়াপাড়া, কাজিপাড়া, ফার্মগেট, মহাখালী, অসাদগেট, মগবাজারসহ বিভিন্ন এলাকার রাস্তায় অফিসগামী যাত্রীদের তেমন ভিড় চোখে পড়েনি। এসব এলাকা ঘুরে রাস্তায় বিআরটিসিসহ বিভিন্ন পরিবহনের বেশ কিছু বাস চলাচল করতে দেখা যায়।
এদিকে সায়েদাবাদ ও মহাখালী থেকে দূর পাল্লার বাস ছেড়ে না গেলেও গাবতলী বাস টার্মিনাল থেকে পাটুরিয়াসহ দুএকটি রুটের অল্প কিছু বাস ছেড়ে গেছে বলে টিকেট কাউন্টার থেকে জানানো হয়।
কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সকালে নির্ধারিত সময়েই সব ট্রেন যাওয়া আসা করেছে বলে স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন জানিয়েছেন।
বাংলাদেশ আভ্যন্তরীন নৌ চলাচল কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ট্রাফিক ইন্সপেক্টর হুমায়ূন কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোর থেকে বেলা ১১টা পর্যন্ত সদরঘাট থেকে ১১টি লঞ্চ ছেড়ে গেছে, ভিড়েছে ৩৩টি লঞ্চ।
বুধবার মতিঝিলে গণজাগরণ মঞ্চের সমাবেশ থেকে হরতাল প্রতিরোধ করার ঘোষণা দেয়া হয়।
