২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে  ঢিলেঢালা হরতাল

হরতালের সমর্থনে শহরে একটি ঝটিকা মিছিল ছাড়া রাজশাহীতে জামায়াত-শিবির কর্মীদের আর কোনো তৎপরতা দেখা যায়নি।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2013, 04:40 AM

Updated : 23 Aug 2022, 10:17 AM

দেলাওয়ার হোসাইন সাঈদীর মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার দিনে জামায়াতে ইসলামীর ডাকা এ হরতালে নাশকতা এড়াতে রাজশাহীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ ও র‌্যাবের পাশাপাশি নগরীতে বিজিবি মোতায়েন করা হয়েছে।

বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে নগরীর মতিহার থানার হরিয়ান এলাকায় একটি ঝটিকা মিছিল বের করে হরতাল সমর্থকরা। এ সময় তারা একটি ট্রাক ভাংচুর করে। এছাড়া পুঠিয়া উপজেলার বেলপুকুর এলাকায় একটি ট্রাক ও একটি বাস ভাংচুর করে পালিয়ে যায় শিবির কর্মীরা।

এসময় তারা ট্রাকচালক তাজিম (৩০) ও তার সহযোগী ইমরান (২৮) এবং বাসচালক নিমাইকে (৫৫) মারধর করে।

হরতালে দূরপাল্লার কোনো বাস ছেড়ে না গেলেও রাজশাহী রেল স্টেশন থেকে নির্ধারিত সময় অনুযায়ী সব ট্রেন ছেড়ে গেছে। নগরীতে  রিকশা, অটোরিকশা চলাচল স্বাভাবিক রয়েছে। অফিস-আদালতেও চলছে স্বাভাবিক কর্মকাণ্ড।

নাশকতা এড়াতে রাত থেকেই নগরীর বিভিন্ন  গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নেয় পুলিশ ও র‌্যাব সদস্যরা।

মহানগর পুলিশের কমিশনার এস এম মনির-উজ-জামান বলেন,  ভোরে হরিয়ান এলাকায় একটি ঝটিকা মিছিল ছাড়া  এখন পর্যন্ত নগরীর আর কোথাও হরতালকারীদের মাঠে দেখা যায়নি। যে কোনো ধরনের নাশকতা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।