জামায়াতের হরতালে বিএনপির কর্মসূচি স্থগিত
জামায়াতে ইসলামী সকাল-সন্ধ্যা হরতাল ডাকায় পূর্বঘোষিত বৃহস্পতিবারের তিনটি কর্মসূচি স্থগিত করেছে বিএনপি।
স্থগিত কর্মসূচিগুলো হলো- বৃহস্পতিবার জেলা-মহানগরে প্রতিবাদ সমাবেশ, মানিকগঞ্জের সিঙ্গাইরে বিএনপির তদন্ত কমিটির গুলিবর্ষণের ঘটনাস্থল পরিদর্শন এবং তাঁতী দলের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ।
জামায়াতের হরতালের কারণে এনিয়ে তৃতীয়বার বিএনপির কর্মসূচি স্থগিত করা হলো।
বুধবার দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে ‘অনিবার্য’ কারণ দেখিয়ে ২৮ ফেব্রুয়ারির জেলা ও মহানগরে প্রতিবাদ সমাবেশের কর্মসূচি স্থগিত করেন। প্রতিবাদ সমাবেশের নতুন তারিখ ২ মার্চ নির্ধারণ করা হয়েছে।
অপর এক বিবৃতিতে রিজভী জানান, মানিকগঞ্জের সিঙ্গাইরে গত ২৪ ফেব্রুয়ারি পুলিশ ও আওয়ামী লীগের ‘সশস্ত্র ক্যাডারদের’ গুলিবর্ষণের ঘটনাস্থল পরিদর্শনে যাওয়ার কথা ছিলো দলের তদন্ত কমিটির। ‘অনিবার্য’ কারণে তাও স্থগিত করা হলো। তবে নতুন তারিখ জানানো হয়নি।
ইসলামী ও সমমনা ১২ দলের ডাকে রোববারের সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার গোবিন্দল গ্রামে গুলিবর্ষণে চারজন নিহত হওয়ার ঘটনায় পাঁচ সদস্যের এই তদন্ত কমিটি গঠন করেছে বিএনপি। দলের সাংসদ মওদুদ আহমদকে এর আহবায়ক করা হয়।
তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন- সাংসদ জমির উদ্দিন সরকার, এম কে আনোয়ার, বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক ও সাংসদ এ কে এম হাফিজুর রহমান।
তাঁতী দলের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ স্বাক্ষরিত পৃথক এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার বেলা ২টায় নয়া পল্টন কার্যালয়ের সামনে সংগঠনের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ ও শোভাযাত্রার কর্মসূচিও ‘অনিবার্য’ কারণে স্থগিত করা হয়েছে।
নতুন তারিখ পরবর্তিতে জানানো হবে বলে উল্লেখ করা হয় ওই বিজ্ঞপ্তিতে।
