ঢাকা, চট্রগ্রাম, কক্সবাজারে বিজিবি নামছে
জামায়াতের হরতালকে সামনে রেখে ঢাকা, চট্রগ্রাম মহানগর এবং কক্সবাজারে বুধবার সন্ধ্যা থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নামছে। একইসঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্য সদস্যরাও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে।
জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর যুদ্ধাপরাধের মামলার রায়ের দিন বৃহস্পতিবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী।
সরকারের প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহায়তা করার লক্ষে মূলত বিজিবি সদস্যদের নামানো হচ্ছে বলে জানান বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ।
বুধবার বিকালে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এবার পর্যাপ্ত সংখ্যক বিজিবি সদস্যকে এই তিন জায়গায় মোতায়েন করা হচ্ছে।
এই হরতালকে সামনে রেখে রাজধানীসহ সারা দেশে পুলিশ, র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করেছে।
র্যাবের মহাপরিচালক মোখলেছুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশসহ র্যাব হরতাল এবং সাঈদীর বিরুদ্ধে করা মামলার রায়কে কেন্দ্র করে প্রয়োজনীয় সব নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে।
তিনি আরো জানানা, অন্য সংস্থার মতো র্যাবও দেশের সব গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর উপর নজরদারি করছে, যাতে কোন প্রকার সহিংসতার ঘটনা না ঘটে।
