২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সেই দুই বছরে দুর্নীতিতে জড়ায় সশস্ত্র বাহিনীর একাংশ’

বিগত তত্ত্বাবধায়ক সরকারের দুই বছরে সশস্ত্র বাহিনীর একাংশ ক্ষমতার অপব্যবহার, বিধিবহির্ভূত কর্মকাণ্ড ও দুর্নীতিতে জড়িয়ে পড়ে বলে উল্লেখ করা হয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) একটি প্রতিবেদনে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2013, 09:44 AM

Updated : 23 Aug 2022, 10:16 AM

নির্বাচন ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার পদ নিয়ে রাজনৈতিক সংঘাতের প্রেক্ষাপটে ২০০৭ সালের ১১ জানুয়ারি রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ দেশে জরুরি অবস্থা জারি করেন। এরপর তিনি প্রধান উপদেষ্টার পদ ছাড়লে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফখরুদ্দীন আহমদকে প্রধান উপদেষ্টা করে সেনা নিয়ন্ত্রণে গঠিত হয় নতুন ‘তত্ত্বাবধায়ক সরকার’। নানা ঘটনায় প্রায় দুই বছর পর জাতীয় নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করে তারা।

ওই সময়ের অভিজ্ঞতার ভিত্তিতে সংশ্লিষ্টদের সাক্ষাৎকারের মাধ্যমে বুধবার এই প্রতিবেদন প্রকাশ করেছে টিআইবি।

তখনকার সরকারের উপদেষ্টা, স্থানীয় সরকার প্রতিনিধি, সাবেক ও বর্তমান সংসদ সদস্য, মন্ত্রী ও প্রতিমন্ত্রী, ব্যবসায়ী, সাবেক সেনাপ্রধান ও উর্ধ্বতন কর্মকর্তা, অন্যান্য সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা, আইনজীবী, রাজনীতিক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিশ্লেষক, বিভিন্ন পেশাজীবী, টেলিভিশন ও সংবাদপত্রের মালিক, সম্পাদক ও সাংবাদিকদের মধ্য থেকে দুই শতাধিক মানুষের সাক্ষাৎকারের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করেছে তারা।

প্রতিবেদনে বলা হয়, “সশস্ত্র বাহিনীর একাংশ ক্ষমতার অপব্যবহার, প্রভাব বিস্তার, সংবিধান লঙ্ঘন, আইন ও মানবাধিকার লঙ্ঘনের মাধ্যমে অর্থ ও সম্পদ অর্জন করে। এ সময়ে গণমাধ্যমের ওপরও নিয়ন্ত্রণ আরোপ করা হয়।”

Image
ফখরুদ্দীন আহমদকে প্রধান উপদেষ্টার শপথ পড়াচ্ছেন ইয়াজউদ্দিন আহম্মেদ

ফখরুদ্দীন আহমদকে প্রধান উপদেষ্টার শপথ পড়াচ্ছেন ইয়াজউদ্দিন আহম্মেদ

গবেষণার পর্যবেক্ষণে ওই দুই বছরে সশস্ত্র বাহিনীর ইতিবাচক ভূমিকার কথাও বলা হয়েছে।

এর মধ্যে সশস্ত্র বাহিনীর সদস্যদের ‘ন্যাশনাল কো-অর্ডিনেশন কমিটি’র সাবির্ক তত্ত্বাবধানে সরকারি, স্বায়ত্তশাসিত ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানে দুর্নীতি বিরোধী পরিচালনা এবং তাদের বেসামরিক বিভিন্ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করা, মাত্র ১১ মাসে জাতীয় পরিচয়পত্র ও ছবিসহ ভোটার তালিকা প্রকল্প বাস্তবায়ন, সেবামূলক প্রতিষ্ঠানে সংস্কার ও সেবাকাজে গতিশীলতা বৃদ্ধি, চট্টগ্রাম বন্দরে জাহাজ ও কনটেইনার জট হ্রাস, বকেয়া গ্যাস, বিদ্যুৎ ও টেলিফোন বিল আদায়, নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে আলাদা করা, জাতীয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি নির্বাচন অনুষ্ঠান এবং শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরে ভূমিকা রাখার কথা বলেছে টিআইবি।

বুধবার সকালে রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে এ প্রতিবেদন তুলে ধরা হয়।

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামানের পরিচালনায় টিআইবির চেয়ারপার্সন সুলতানা কামাল, ট্রাস্টি বোর্ডের সদস্য এম হাফিজ উদ্দিন খানের উপস্থিতিতে গবেষণা প্রতিবেদনটি তুলে ধরেন গবেষক মো. রেজাউল করিম।

টিআইবির নির্বাহী পরিচালক জানান, তাদের প্রাপ্ত তথ্যের যথার্থতা মূল্যায়নের ক্ষেত্রে সীমাবদ্ধতা থাকায় তারা একজনের সঙ্গে অন্য জনের সাক্ষাৎকার মিলিয়ে দেখেছেন।

প্রায় সাড়ে তিন বছর (২০০৯ সালের জুলাই থেকে ২০১২ সালের ডিসেম্বর) ধরে চলে এই গবেষণার কাজ।

গবেষণা প্রতিবেদন অনুযায়ী, সশস্ত্র বাহিনীর একাংশ দুর্নীতিগ্রস্তদের কাছ থেকে বেআইনিভাবে অর্থ আদায় করে। এক্ষেত্রে বিধি বহির্ভূত বিভিন্ন সুবিধা, যেমন প্রভাব খাটিয়ে দুর্নীতির অভিযোগ ও নির্যাতন থেকে মুক্তি, জামিনের ব্যবস্থা করা, দুদকের দায়ের করা মামলায় শাস্তি হ্রাস, দুদকের আদালতে মামলা না করার প্রতিশ্রুতি দিয়ে অর্থ আদায় করা হয়। অনেক সময় নিজেদের ইচ্ছা বা সুবিধার জন্য জমি বিক্রি করতে তার মালিককে বাধ্য করেন সেনা কর্মকর্তারা।

সাক্ষাৎকারে কয়েকজন বলেছেন, ওই সময় ব্যবসায়ীদের কাছ থেকে আদায় করা অর্থের একটা অংশ সরকারি কোষাগারে জমা দেয়ার পাশাপাশি বাকিটা আত্মসাত করেছেন সশস্ত্র বাহিনীর কিছু কর্মকর্তা।

রাষ্ট্রীয় দায়িত্বের অংশ হিসেবে ওই অর্থ আদায় করা হলেও যারা তা আদায় করেছেন তাদের সম্পর্কে কোনো তথ্য নেই বলে গবেষণায় বলা হয়েছে।

তখন ব্যবসায়ী, শিল্পপতি ও ঠিকাদাররা গ্রেপ্তারের পর নির্যাতনের শিকার হন।

সশস্ত্র বাহিনীর ওই সব কর্মকর্তাদের নিয়ম বহির্ভূত কর্মকাণ্ডের মধ্যে চট্টগ্রাম বন্দরে বার্থ অপারেটর নিয়োগ, বন্দরে কনটেইনার রাখার চার্জ বৃদ্ধি এবং কোনো দরপত্র ছাড়াই একটি কোম্পানিকে অটোমেশন পদ্ধতি চালুর দায়িত্ব দেয়া হয়।

টিআইবির প্রতিবেদনে বলা হয়, সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার আমলে ক্ষমতাসীনদের ছত্রছায়ায় গড়ে তোলা নতুন রাজনৈতিক ফ্রন্টে যোগ দেয়ার জন্য প্রধান রাজনৈতিক দলগুলোর নেতাদের ওপর চাপ প্রয়োগ করা হয়।

কিছু রাজনীতিককে নির্বাচনের বাইরে রাখতে দ্রুত বিচার ট্রাইব্যুনালে তাদের বিরুদ্ধে মামলা করা হয়, তাদের গ্রেপ্তার করা হয় এবং বিচারে হস্তক্ষেপ করা হয়।

স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধিদের হুমকি দেয়ার পাশাপাশি সেনা ক্যাম্পে নিয়ে তাদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়।

নির্যাতনে পরিবারের সদস্যের মৃত্যুর কথাও বলেছেন সাক্ষাৎকারদানকারীদের কেউ কেউ।

আগের কোনো নোটিস ছাড়াই খাদ্য গুদাম বন্ধ করে দেয়া হয়। গ্রেপ্তারদের পক্ষে যাতে কোনো আইনি সহায়তা চালানো না হয় সেজন্য তার পরিবারের সদস্যদের ওপর চাপ প্রয়োগ করা হতো বলে অনেকে অভিযোগ করেন।

প্রতিবেদনে বলা হয়, গ্রেপ্তারের পর ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অজ্ঞাত স্থানে রাখা হয় এবং সেখানে তাদের নির্যাতন করা হয় বলে কেউ কেউ জানিয়েছেন।

‘স্বীকারোক্তি’ আদায় করার জন্য পুলিশ হেফাজতে থাকা ব্যক্তিদের ওপর নির্যাতন চালানো হত। মক্কেলদের আইনি সহায়তা দেয়ার ক্ষেত্রে আইনজীবীরা বাধার মুখে পড়তেন বলেও প্রতিবেদনে বলা হয়।

সশস্ত্র বাহিনীর কিছু সদস্যের প্রভাবের কারণে ২০০৭ সালে সুপ্রিম কোর্ট ও ঢাকা বারের নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হতে পারেনি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

তত্ত্বাবধায়ক সরকার আমলে কারবিধি লঙ্ঘন এবং সব রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হলেও একটি বিশেষ দলকে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে দেয়ার বিষয়টি তুলে ধরা হয় প্রতিবেদনে।

এতে বলে হয়, সে সময় গণমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ আরোপ করা হয় এবং কী কী বিষয় প্রকাশ/প্রচার করা যাবে, আর যেসব বিষয় প্রকাশ/প্রচার করা যাবে না তা বলে দেয়া হতো। কয়েকটি বেসরকারি টেলিভিশনের মালিকানা বদলের জন্যও চাপ প্রয়োগও করা হয়।

প্রতিবেদনে বলা হয়, টেলিভিশন খবরের ওপর ব্যাপকভাবে নিয়ন্ত্রণ আরোপ করা হত। দেশে-বিদেশে সশস্ত্রবাহিনীর ইতিবাচক কর্মকাণ্ড ও সাফল্য, রাজনীতিকদের নেতিবাচক কর্মকাণ্ড ও তাদের ব্যক্তিগত সম্পদের বিবরণী, নির্যাতন করে আদায় করা জবানবন্দির ওপর তৈরি করা অডিও ক্যাসেট ও সিডিও প্রচার/সম্প্রচার করা হত।

জাতীয় পরিচয়পত্র প্রকল্প সফলভাবে শেষ করার জন্য সশস্ত্র বাহিনীর প্রশংসা করা হলেও প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় জনপ্রতিনিধিরা অভিযোগ করেছেন ভোটার আইডির ক্যাম্পের জন্য আসবাবপত্র, নাস্তা ও খাবার এবং সংশ্লিষ্ট কাজে সহায়তার জন্য পারিশ্রমিক ইত্যাদি বাবদ ব্যয় স্থানীয় জনপ্রতিনিধিদের দিতে বাধ্য করা হয়।

একজন জনপ্রতিনিধি সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে তার ব্যয়ের টাকা চাইলে তাকে বলা হয়েছিল, “এটা (ভোটার আইডি প্রকল্প) আপনাদের কাজ, কীভাবে ও কোথা হতে টাকা সংগ্রহ করবেন, তা আমাদের জানার দরকার নেই।”

ফখরুদ্দীন আহমদ নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেয়ার ঠিক আগের তত্ত্বাবধায়ক সরকারের পদত্যাগী উপদেষ্টা সুলতানা কামাল বলেন, “দায়মুক্তির সুযোগ নিয়ে সশস্ত্র বাহিনীর একাংশ ক্ষমতার অপব্যবহার করে এবং দুর্নীতিতে জড়িয়ে পড়ে।”

সব আইন প্রয়োগকারী সংস্থা, ব্যক্তি বা কর্তৃপক্ষের দায়মুক্তির বিধান আইনের মাধ্যমে নিষিদ্ধ করার আহ্বান জানান তিনি।

ভবিষ্যতে এক/এগারোর মতো পরিস্থিতি এড়াতে রাজনৈতিক দলগুলোর ‘দায়িত্বশীল ভূমিকা’ প্রত্যাশা করেন সুলতানা কামাল।

বেসামরিক কর্মকাণ্ডে সেনাবাহিনীর সম্পৃক্ততা হ্রাস এবং বেসামরিক আইন প্রয়োগকারী সংস্থাগুলোর দক্ষতা বৃদ্ধি ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির প্রয়োজন বলে মনে করেন তিনি।

টিআইবির নির্বাহী পরিচালক বলেন, তারা সব সময় যে কোনো প্রতিষ্ঠানের দুর্নীতি খতিয়ে দেখতে চায়।

“২০০৮ সালের ঘূর্ণিঝড় সিডরের পর ত্রাণ বিতরণে অনিয়ম নিয়ে আমরা একটি প্রতিবেদন প্রকাশ করেছিলাম। তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টারা তাতে খুশি ছিলেন না।”

“আমরা সেনাবাহিনীর পেশাগত অগ্রগতি চাই। তবে তাদের বিতর্ক এড়িয়ে চলা উচিত।”

টিআইবির এই কর্মকর্তা বলেন, ‘সুযোগ পেলে’ তারা সামরিক ক্রয় সংক্রান্ত বিষয়গুলো খতিয়ে দেখতে চান।

সেনা কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, দীর্ঘদিন সামরিক ব্যারাকের বাইরে থাকলে সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রশিক্ষণে ব্যাঘাত ঘটে।

“এতে তাদের পেশাদারিত্বের ক্ষতি হয়।”