হরতাল ডেকেছে জামায়াত
দেলাওয়ার হোসাইন সাঈদীর যুদ্ধাপরাধের মামলার রায়ের দিন সারা দেশে সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী।
এক বিবৃতিতে তিনি বলেন, “সরকারের ইসলামবিরোধী কর্মকাণ্ড ও পীর-মাশায়েখ, আলেম-ওলামাদের উপর জুলুম নিপীড়ণের প্রতিবাদে ও বিশ্বনন্দিত মুফাস্সিরে কোরআন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তির দাবিতে আগামীকাল সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করা হবে।”
ট্রাইব্যুনাল বুধবার সাঈদীর মামলার রায় ঘোষণার তারিখ ঘোষণার পর এ নিয়ে জরুরি বৈঠকে বসে জামায়াত। ওই বৈঠকেই হরতালের সিদ্ধান্ত চূড়ান্ত হয়।
এর আগে গত ৫ ফেব্রুয়ারি জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার রায় ঘোষণার দিনও সারা দেশে হরতাল করে জামায়াত।
একাত্তরে ৩ হাজারেরও বেশি নিরস্ত্র ব্যক্তিকে হত্যা বা হত্যায় সহযোগিতা, ধর্ষণ, অগ্নিসংযোগ, লুটপাট, ভাংচুর ও ধর্মান্তরে বাধ্য করাসহ মানবতাবিরোধী অপরাধের ২০টি ঘটনায় ২০১১ সালের ৩ অক্টোবর অভিযোগ গঠনের মধ্য দিয়ে সাঈদীর বিচার শুরু হয়।
সাঈদী ছাড়াও জামায়াতের সাবেক ও বর্তমান আমিরসহ সাত শীর্ষ নেতা এবং বিএনপির দুই নেতার বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।
একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী দল জামায়াতে ইসলামী শুরু থেকেই এ বিচারের বিরোধিতা করে এলেও গত কিছুদিন ধরে দলটির নেতাকর্মীরা সারা দেশে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাংচুরসহ বিভিন্নভাবে সহিংসতায় জড়াচ্ছে।
অন্যদিকে একাত্তরে মানবতাবোরধী ভূমিকার কারণে সারা দেশে জামায়াত নিষিদ্ধের দাবিও জোরালো হয়ে উঠেছে। জামায়াতকে নিষিদ্ধ ও সব যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে গত ৫ ফেব্রুয়ারি কাদের মোল্লার রায়ের দিন থেকেই শাহবাগ মোড়ে আন্দোলন চালিয়ে আসছে ছাত্র জনতা।
তাদের দাবির প্রতি সংহতি জানিয়ে সরকার ইতোমধ্যে ট্রাইব্যুনাল আইন সংশোধন করেছে। এর ফলে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত কাদের মোল্লার সাজা বাড়াতে আপিল করার পাশাপাশি যুদ্ধাপরাধে সংশ্লিষ্টতার কারণে দল হিসাবে জামায়াতেরও বিচার করার পথ তৈরি হয়েছে।
সরকারের মন্ত্রীরা বলে আসছেন জামায়াতের রাজনীতি নিষিদ্ধের বিষয়টি এখন সময়ের ব্যাপার মাত্র।
