বইমেলার বাতাসে ক্ষতিগ্রস্তদের দীর্ঘশ্বাস
একুশের বইমেলায় ঢুকেই স্টল বিন্যাসের পরিবর্তনটা চোখে পড়ে। মেলায় প্রবেশের পরই শিশুচত্বরে মাঝখানে যে ফাঁকা জায়গাটি ছিলো সেখানে বেশকিছু নতুন স্টল তৈরি হয়েছে।
কাপড়ে মোড়া স্টলগুলোতে দেওয়া হয়েছে একটি করে ছয় ফুট দীর্ঘ টেবিল। আরো কিছু নতুন স্টল তৈরি করা হয় নজরুল মঞ্চকে ঘিরে। এছাড়া বাংলা একাডেমীর বিক্রয়কেন্দ্রের সামনেও কয়েকটি স্টল চোখে পড়বে।
রোববার রাতের অগ্নিকাণ্ডে যেসব প্রকাশনা প্রতিষ্ঠানের স্টল পুড়ে গেছে তাদের জন্যই এই স্টলগুলো তৈরি করে দিয়েছে বাংলা একাডেমী। তবে এসব স্টল কোনো নির্দিষ্ট প্রকাশনীর নামে বরাদ্দ করে দেয়া হয়নি। যে যার মতো বসেছেন স্টলগুলোতে। এমনি একটি স্টলে বই সাজিয়ে বসেছিলেন কাশবন প্রকাশনার আমিনুল ইসলাম।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গোডাউনে রাখা বইগুলোই সাজিয়ে বসেছি। কিছু বিক্রিও হয়েছে। তবে মনের ভেতরে চাপা কষ্ট। কারণ, এবার বইমেলার শুরু থেকে নানা কারণে বিক্রি কম হয়েছে। ধারণা করেছিলাম শেষের কয়েকদিনে কিছুটা ক্ষতি পোষানো যাবে। কিন্তু আগুনে পুড়ে গেছে সেই স্বপ্ন।”
তিনি আরো বলেন, “আমাদের যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। মেলা যদি তিনমাসও বাড়ানো হয় আমাদের এই ক্ষতি পূরণ করা সম্ভব নয়। এখন সরকার ও বাংলা একাডেমী ক্ষতিপূরণ দেওয়ার কথা বলছে। আমরা তাদের কথায় আশায় বুক বেঁধে আছি।”
পাঠক সমাবেশের স্টলটিও নতুন করে তৈরি করা হয়েছে। স্টলে গিয়ে দেখা যায় পুরোদমেই বিক্রিবাট্টা চলছে। তবে দৃষ্টিনন্দন এই স্টলে এখনো আগুনে দগ্ধ হওয়ার চিহ্ন স্পষ্ট। কথা হয় এই প্রকাশনা সংস্থার প্রতিনিধি শামস শুভ্রর সঙ্গে।
শুভ্র বলেন, “মেলায় আমাদের প্রকাশিত বই ‘ফ্রানৎস কাফকা গল্প সমগ্র’ এর বিক্রি খুবই ভালো ছিলো। এই বইটির চার শতাধিক কপি পুড়ে গেছে। এছাড়া বেশকিছু লালন সমগ্র ও ৩০ সেট রবীন্দ্র সমগ্র পুড়ে ছাই হয়ে গেছে। তারপরও আমরা দোকান সাজিয়ে বসেছি। আজ বিক্রি ভালো হচ্ছে।”
আগুনে পুড়ে যাওয়া স্টলগুলোর মধ্যে রয়েছে গতি প্রকাশনীও। এই প্রতিষ্ঠানের প্রকাশক চঞ্চল আকতার খোলা আকাশের নীচেই বই বিছিয়ে বসেছেন।
তিনি বললেন, “গোডাউনে এই বইগুলো অবশিষ্ট ছিলো। কিছু বিক্রি হবে এই আশায় বসেছি। তবে যে ক্ষতি হয়েছে তা পূরণ হওয়ার নয়।”
রোববার রাত একটার দিকে বাংলা একাডেমী প্রাঙ্গণে অমর একুশে গ্রন্থমেলার একটি অংশে আগুন লেগে ২৫টি প্রকাশনা সংস্থার স্টল পুড়ে যায়।
বৈদ্যুতিক গোলোযোগ থেকে এ অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে বলে ফায়ার সার্ভিসের ধারণা। তবে এই অগ্নিকাণ্ডের ঘটনাকে নাশকতা বলে মনে করছেন প্রকাশকদের অনেকেই।
ক্ষতিগ্রস্ত প্রকাশকদের সংবাদ সম্মেলন
বিকাল সাড়ে পাচটায় মেলার তথ্য কেন্দ্রের সামনে ক্ষতিগ্রস্ত প্রকাশকরা এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
এতে লিখিত বক্তব্য পাঠ করেন পললের মালিক এবং জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির পরিচালক (সাংগঠনিক) খান মাহবুব।
এতে বলা হয়, রোববার রাতের ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৭টি প্রতিষ্ঠানের দুই কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। ওই ঘটনায় বিভিন্ন কমিটি গঠন করা হয়।
‘আমরা অতিদ্রুত ওইসব কমিটির রিপোর্ট দাবি করছি। একইসাথে এ ঘটনার পেছনে যে বা যারা জড়িত তাদের চিহ্নিত করে শাস্তি এবং যার বা যাদের গাফিলতির কারণে ঘটনা ঘটলো, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে।’
তারা ক্ষতিপূরণের বিষয়ে দেয়া সংস্কৃতি মন্ত্রীর প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়ে বলেন, ‘সৃজনশীল এই ব্যবসা চালু রাখতে এর বাইরে সরকারি আনুকূল্যও দরকার।’
বাংলা একাডেমী গঠিত তদন্ত কমিটি আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ বুধবার জানাবে বলে জানিয়েছেন একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান।
তিনি বলেন, “আমরা বুধবারের মধ্যে ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে পারবো। এরপর আমরা তাদেরকে [প্রকাশকদের] ক্ষতিপূরণ দেয়ার বিষয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে বসে সিদ্ধান্ত নিতে পারবো।”
ক্ষতিগ্রস্ত প্রকাশকদের সংবাদ সম্মলনে লিখিত বক্তব্য পাঠ শেষে বক্তব্য রাখেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি আলমগীর সিকদার।
তিনি বলেন, ‘বুধবারের মধ্যে ক্ষতিগ্রস্ত প্রকাশকদের ক্ষতিপূরণের কোন লিখিত আশ্বাস না দিলে, বিকাল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত দুই ঘণ্টা মেলায় বিক্রি বন্ধ থাকবে। এরপরেও যদি কর্তৃপক্ষের টনক না নড়ে, মেলার শেষ দিন [বৃহস্পতিবার] আমরা মেলায় অংশ নেবো না। পুরো দিনই মেলা বন্ধ থাকবে।’
এদিকে জ্ঞান ও সৃজনশীল পুস্তক প্রকাশক সমিতির পরিচালক ফরিদ আহমেদ মেলা বন্ধ রাখার বিষয়ে বলেন, “এটি বাংলা একাডেমীর বইমেলা। মেলা বন্ধ বা খোলা রাখার এখতিয়ার একমাত্র একাডেমীর। প্রকাশকরা শুধু দাবি জানাতে পারেন।”
মেলায় দুই মন্ত্রী
মঙ্গলবার অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মেলা পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, বাণিজ্যমন্ত্রী জি এম কাদের এবং জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান। তারা রোববারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন করেন।
এ সময় শিক্ষামন্ত্রী বলেন, “জ্ঞানের মেলায় এ ধরণের ঘটনা অনাকাঙ্ক্ষিত। আমি ক্ষুব্ধ।”
জি এম কাদের বলেন, “প্রতি বছর মেলায় আসি বই কেনার পাশাপাশি আনন্দ নেয়ার জন্য। কিন্তু এবারের এই ঘটনায় আমি দারুণভাবে ব্যথিত।”
মিজানুর রহমান বলেন, “এই ফেব্রুয়ারি মাসে আমাদের পতাকা পদদলিত হয়েছে। শহীদ মিনার ভাঙা হয়। আবার এই বইমেলায়ও আগুন দেয়া হয়। এই তিন ঘটনাই একসূত্রে গাঁথা।”
তারা তিনজনই ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেয়া দরকার বলে মন্তব্য করেন।
এছাড়া অধ্যাপক মুনতাসির মামুন, কবি মুহাম্মদ নুরুল হুদা, ইমদাদুল হক মিলন, আনিসুল হক প্রমুখ মেলা পরিদর্শন করেন।
নজরুল মঞ্চ
এদিন মেলার ২৬তম দিনে নজরুল মঞ্চে ১২টি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। এর মধ্যে ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান ও শাহিদা খাতুন উন্মোচন করেন দি স্কাই পাবলিশার্স প্রকাশিত সৈয়দা আইরিন জামানের ‘শত জলঝরনার ধ্বনি’।
নতুন বই
একাডেমীর সমন্বয় ও জনসংযোগ উপবিভাগ থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, মঙ্গলবার ১০০টি নতুন বই মেলায় এসেছে। এর মধ্যে গল্প ৮টি, উপন্যাস ১১টি, প্রবন্ধগ্রন্থ ৪টি, কবিতার বই ২৮টি, গবেষণাগ্রন্থ ১টি, ছড়া ৪টি, শিশুতোষ ৫টি, জীবনীগ্রন্থ ১টি, মুক্তিযুদ্ধ বিষয়ক ৪টি, নাটক ১টি, বিজ্ঞান ৩টি, ভ্রমণকাহিনী ১টি, ইতিহাস বিষয়ে ২টি, রাজনীতি বিষয়ক ১টি, কম্পিউটার বিষয়ক ২টি, সায়েন্স ফিকশন ১টি এবং অন্যান্য বিষয়ের উপর ২৩টি বই।
মূল মঞ্চের আয়োজন
বিকালে মেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘বাংলাদেশ জাতীয় জাদুঘরের শতবর্ষ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে প্রবন্ধ উপস্থাপন করেন ড. ফিরোজ মাহমুদ। আলোচনায় অংশ নেন জাতীয় জাদুঘরের মহাপরিচালক প্রকাশ চন্দ্র দাস, গবেষক হাশেম সূফী এবং ড. সাইফুদ্দীন চৌধুরী । সভাপতিত্ব করেন অধ্যাপক আবদুল মমিন চৌধুরী।
সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেন সায়েরা হাবীব। এ. কে. এম. শামীম রেজার পরিচালনায় সাংস্কৃতিক সংগঠন ‘মাটির সুর সংগীত পরিষদ’ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। সঙ্গীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী জুবায়ের আল্ফ-ই-সানী।
বুধবারের আয়োজন
বুধবার মেলা খুলবে সকাল ১১ টায়। চলবে রাত নটা পর্যন্ত। বিকেলে মেলার মূল মঞ্চে থাকছে ‘প্রিয় হুমায়ূন আহমেদ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান।এতে প্রবন্ধ উপস্থাপন করবেন কথাশিল্পী ইমদাদুল হক মিলন। আলোচনায় অংশ নেবেন পূরবী বসু, মাজহারুল ইসলাম এবং শাকুর মজিদ। সভাপতিত্ব করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। সন্ধ্যায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান।
