আড়াইহাজারে স্পিনিং মিলে আগুন
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় মঙ্গলবার একটি স্পিনিং মিলে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ব্রাহ্মন্দী ইউনিয়নের ছোট ফাউসা এলাকায় সততা রোটারী স্পিনিং মিলে এ আগুন নেভাতে গিয়ে পাঁচজন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়ে বলে জানান আড়াইহাজার থানার ওসি সৈয়দ নজরুল ইসলাম।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে মাধবদী ফায়ার সার্ভিসের ইনচার্জ মোহাম্মদ হীরন মিয়া সাংবাদিকদের বলেন, দুপুর ১টায় আগুন ধরে। কিছুক্ষণের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।
মাধবদী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুন নেভাতে গিয়ে আহত হন গিয়াসউদ্দিন, আমিরুল ইসলাম, ইব্রাহীম, মনির হোসেন ও আরিফ।
তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন ধরেছে। ক্ষয়ক্ষতি নিরূপণ করা হচ্ছে।
সততা রোটারী স্পিনিং মিলের স্বত্তাধিকারী মো. আরিফুল ভুইয়া সাংবাদিকদের বলেন, আগুনে ৪০ টন তুলা ও মূল্যবান মেশিনসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে যায়। এতে প্রায় ৭০ লাখ টাকার ক্ষক্ষতি হয়েছে।
