ঢাকা মেডিকেল ছাত্রাবাসে ছাত্রদলের ২ পক্ষে সংঘর্ষ
ঢাকা মেডিকেল কলেজের ফজলে রাব্বি ছাত্রাবাসে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে দশজন আহত হয়েছেন।
ঢাকা মেডিকেল কলেজের কয়েকজন শিক্ষার্থী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ছাত্রদলে ডক্টর অ্যাসেসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) এর দুই নেতা জাহিদ ও দোলনের পক্ষের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
সোমবার দোলনের পক্ষের এক ছাত্রকে অন্য পক্ষের ছাত্ররা মারধর করে। এর জের ধরে মঙ্গলবার ভোরে দোলন পক্ষের ছাত্ররা জাহিদ সমর্থক ছাত্রদের উপর হামলা চালায়।
বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কাজী মাযহারুল ইসলাম দোলন বলেন, মারামারি ঘটনা আমার জানা নেই।
ডা. জাহিদের সঙ্গে বিরোধ রয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, “ব্যক্তি জাহিদের সঙ্গে কোনো বিরোধ নেই। তবে ড্যাব নেতা জাহিদের সঙ্গে মিল নেই। কারণ এক-এগারোর সময় ওনার কোনো ভূমিকা চিকিৎসক সমাজ পায়নি।”
ঢাকা মেডিকেল ফাঁড়ি পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. বাচ্চু মিয়া জানান, আহতের মধ্যে চারজন হাসপাতালে ভর্তি রয়েছেন।
