২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সাগর-রুনি হত্যার আলামত নষ্ট করা হয়েছে’

পুলিশ ঘটনাস্থলে আসার আগেই সাংবাদিক দম্পতি সাগর-রুনির হত্যার আলামত নষ্ট করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2013, 12:20 PM

Updated : 23 Aug 2022, 10:16 AM

সোমবার সংসদে লুৎফর রহমানের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলাটি একটি স্পর্শকাতর মামলা। এই হত্যাকাণ্ড সংঘটিত হয় রাতের অন্ধকারে এবং এর কোনো প্রত্যক্ষ সাক্ষী নেই।

“সাগর ও রুনি মিডিয়া ব্যক্তিত্ব হওয়ার কারণে ঘটনার পরপরই পুলিশ আসার আগেই সাংবাদিক ও সাধারণ জনগণ ঘটনাস্থলে পৌঁছে মামলার সব গুরুত্বপূর্ণ আলামত নষ্ট করে দেয়।”

গত বছরের ১১ ফেব্রুয়ারি রাতে পশ্চিম রাজাবাজারের ভাড়া বাড়িতে খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি।

এক বছর পার হলেও সাগর-রুনি হত্যাকাণ্ডের কোনো কূল-কিনারা এখনো করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী, যা নিয়ে সাংবাদিকদের মধ্যে ক্ষোভ রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রথমে থানা পুলিশ ও ডিবি এই মামলার তদন্ত করে।পরে হাই কোর্টের নির্দেশে মামলাটির তদন্ত করছে র‌্যাব। আপরাধীদের চিহ্নিত করাসহ তাদের গ্রেপ্তারের মাধ্যমে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে র‌্যাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলেও তিনি জানান।

এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আট জনকে গ্রেপ্তার করা হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, গতানুগতিক তদন্তের বাইরে বৈজ্ঞানিক তথ্যপ্রমাণ পাওয়ার জন্য যুক্তরাষ্ট্রের দুটি অত্যাধুনিক ল্যাবকে তদন্তের সঙ্গে যুক্ত করা হয়েছে।

ক্রাইমসিনের ছবিসহ কিছু আলামত আদালতের অনুমতিক্রমে রাসায়নিক ও ডিএনএ পরীক্ষার জন্য উক্ত গবেষণাগারে পাঠানো হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

ওই গবেষণাগারের চাহিদা অনুযায়ী গত ১৩ জানুয়ারি আরো কিছু আলামত আদালতের মাধ্যমে বিদেশে পাঠানো হয়েছে।

পিনু খানের অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, শুধুমাত্র সুন্দরবন এবং উপকূলীয় বনদস্যু ও জলদস্যুদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে একটি ব্যাটালিয়ন গঠনের প্রস্তাব প্রক্রিয়াধীন আছে।

তিনি বলেন, র‌্যাবকে আরো গতিশীল করার লক্ষ্যে নতুন আরো দুটি ব্যাটালিয়নের জন্য এক হাজার ৩৭৬ জন জনবলের পরিকল্পনা প্রস্তাব ইতোমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

নাছিমুল আলম চৌধুরীর আরেক প্রশ্নের জবাবে মহীউদ্দীন খান আলমগীর জানান, গত অর্থবছরে বিজিবি ১১টি সেক্টরে ২২ ধরনের চোরাচালান পণ্য আটক করে, যার মূল্য ৫৩৩ কোটি ৪৯ লাখ ৯৮ হাজার ২২৩ টাকা।

মো. ইসরাফিল আলমের এক প্রশ্নের জবাবে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গত বছরের ডিসেম্বর পর্যন্ত বিশ্বের ১৮৯টি দেশ ও বিভিন্ন ‘টেরিটরির’ তিন লাখ ২০ হাজার ৯৯ জন নাগরিক বাংলাদেশে অবস্থান করছেন।

চাকরি, শিক্ষা, ব্যবসা, প্রশিক্ষণ, ভ্রমণ, সেমিনার, বিনিয়োগ, ডিপ্লোমেসি, ডেলিগেশন ও পারিবারিক পুনর্মিলনের কারণে তারা এদেশে অবস্থান করছেন বলে জানান তিনি।

বিকাল পৌনে ৪টায় ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয় এবং প্রশ্নোত্তর টেবিলে উত্থাপতি হয়।