২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেই বিচারপতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পদক্ষেপ

গণজাগরণ মঞ্চের কর্মী ব্লগার আহমেদ রাজীব হায়দারকে নিয়ে ‘অপপ্রচার’ চালানোর ঘটনায় সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মুখোমুখি হচ্ছেন বিচারপতি মো. মিজানুর রহমান ভূঁঞা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2013, 10:59 AM

Updated : 23 Aug 2022, 10:16 AM

হাই কোর্টের এই বিচারকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংসদ সদস্যরা দাবি জানানোর ছয় দিন পর সোমবার রাষ্ট্রপতি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের অনুমোদন দিয়েছেন।

আইনমন্ত্রী শফিক আহমেদ সাংবাদিকদের বলেন, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের ফাইলটি রাষ্ট্রপতি অনুমোদনের পর আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছেন।

“এখন ফাইলটি প্রধান বিচারপতির কাছে যাবে, তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।”

যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে গড়ে ওঠা শাহবাগ আন্দোলনের কর্মী রাজীবকে গত ১৫ ফেব্রুয়ারি মিরপুরে তার বাড়ির সামনে হত্যা করা হয়।

রাজীবের জন্য জাতীয় সংসদে শোক প্রকাশ করা হয়। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা তাকে গণজাগরণের প্রথম শহীদ অভিহিত করেন।

রাজীবের ব্যক্তিগত জীবন-যাপন এবং তার কথিত লেখালেখি নিয়ে কয়েকটি সংবাদপত্রে ‘অপপ্রচার’ চালাচ্ছে।

বিচারপতি মিজানুর রহমান গত ১৮ ফেব্রুয়ারি সংবাদপত্রের ওই ধরনের প্রতিবেদন সুপ্রিম কোর্টের খামে করে বিভিন্ন বিচারকের কক্ষে বিলি করার ব্যবস্থা করেন, যাতে রাজীবকে ‘মুরতাদ’ বলা হয়।

বিচারকের এই কাজ নিয়ে ওই দিনই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে প্রতিবেদন প্রকাশ হয়।

এর পরদিন সংসদ অধিবেশনে ওই বিচারকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি তোলেন বেশ কয়েকজন সংসদ সদস্য।

এরপর স্পিকার আবদুল হামিদ এই বিষয়ে সরকারের অবস্থান জানতে চান। তিনি বলেন, “সরকার কী করতে চায় তা শুনি, না হলে আমি রুলিং দেব।”

এরপর আইনমন্ত্রী সংসদকে আশ্বস্ত করেন, ওই বিচারকের বিষয়ে ব্যবস্থা নিতে পদক্ষেপ নেয়া হবে। 

সংসদ সদস্যদের সঙ্গে সহমত পোষণ করে ব্যারিস্টার শফিকও বলেন, “এই বিচারক যে কাজটি করেছেন, তা একবারে জঘন্য ধরনের কাজ ও নিন্দনীয় কাজ। এ কাজটিকে এবং তার আচরণকে অসাংবিধানিক কাজ বলা যায়।”

বিচারপতি মিজানুর  বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০২ সালের ২৯ জুলাই হাই কোর্টে অতিরিক্ত বিচারক হিসাবে নিয়োগ পান।

অতিরিক্ত বিচারপতির ২ বছর মেয়াদ শেষে ২০০৪ সালের ২৯ জুলাই তিনি হাই কোর্টের বিচারপতি হিসাবে স্থায়ী হন।

ব্লগে লেখালেখির জন্য রাজীবকে জামায়াত-শিবির হত্যা করেছে বলে তার সহযোদ্ধা ও স্বজনদের দাবি। অবশ্য জামায়াত এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে।

রাজীব হত্যাকাণ্ডের বিষয়ে বিচারপতি মিজানুরকে জিজ্ঞাসাবাদের দাবিও গত ১৯ ফেব্রুয়ারি সংসদে জানান আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম।

তিনি বলেন, “ওই বিচারপতি এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। হত্যার নায়ক হিসেবে এ বিচারপতি কাজ করেছে। তাকে ইন্টারোগেশনের আওতায় আনা হোক।”

জাতীয় পার্টির মুজিবুল হক চুন্নু বলেন, “এ বিচারপতি ষড়যন্ত্রে জড়িত। জামায়াত-শিবিরের আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে মিথ্যাচার করে শহীদ রাজীবকে হেয় করার জন্যে এটা করা হয়েছে।“