২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বইমেলার অগ্নিকাণ্ডের ঘটনায় ৩ কমিটি

বাংলা একাডেমী প্রাঙ্গণে অমর একুশে গ্রন্থমেলার একটি অংশে আগুন লাগার ঘটনায় তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2013, 09:55 AM

Updated : 13 Oct 2022, 02:48 PM

পুরনো খবর:

বইমেলায় আগুনে পুড়ল ২৫ স্টল

অগ্নিকাণ্ডের ঘটনা তদন্ত, ক্ষতি নিরূপণ ও ক্ষতিপূরণ দেয়ার বিষয়ে কমিটিগুলো কাজ করবে।

মেলা কমিটির সদস্য সচিব শাহিদা খাতুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার দুপুরে বাংলা একাডেমীতে এক জরুরি সভায় সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ কমিটি গঠনের ঘোষণা দেন।

অগ্নিকাণ্ডের কারণ উদ্ঘাটনে বাংলা একাডেমীর সচিব মোহাম্মদ আলতাফ হোসেনকে আহ্বায়ক করে ৬ সদস্যের একটি কারিগরি কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন- রমনা থানার এডিসি আনোয়ার হোসেন, ফায়ার সার্ভিসের সহ-পরিচালক মনির হোসেন, র‌্যাবের একজন প্রতিনিধি, বিদ্যুৎ বিভাগের একজন প্রতিনিধি (ডিপিডিসি/পিডিবি) ও মেলা কমিটির সদস্য মোহাম্মদ শাহাদাৎ হোসেন।

এই কমিটি স্বাক্ষ্য-প্রমাণ সাপেক্ষে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে অগ্নিকাণ্ডের কারণ বিষয়ে বিশেষজ্ঞ মতামত দেবে। আগামী তিন দিনের মধ্যে এই কমিটিকে  প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রকাশনা সংস্থাগুলোর ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য আরেকটি কমিটি গঠন করা হয়েছে। মেলা কমিটির সদস্য সচিব ও বাংলা একাডেমীর পরিচালক শাহিদা খাতুনের নেতৃত্বে ৫ সদস্যের এই কমিটিতে আছেন একাডেমীর প্রধান গ্রন্থাগারিক (ভারপ্রাপ্ত) মোবারক হোসেন, মেলা কমিটির সদস্য হাসান আরিফ, ফরিদ আহমেদ ও আলমগীর শিকদার লোটন।

ক্ষয়ক্ষতির প্রেক্ষিতে সুপারিশ প্রণয়ন ও বাস্তবায়নসহ সার্বিক প্রতিবেদন প্রণয়নের জন্য মেলা কমিটির সদস্য ও বাংলা একাডেমীর পরিচালক (গসফো) অপরেশ কুমার ব্যানার্জীকে আহ্বায়ক করে ৬ সদস্যবিশিষ্ট আরেকটি কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন- বাংলা একাডেমীর পরিচালক (পাঠ্যপুস্তক) ড. আবদুল ওয়াহাব, মেলা কমিটির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আমজাদ হোসেন, মেলা কমিটির সদস্য
বাহালুল মজনুন চুন্নু, গোলাম কুদ্দুছ, আফজাল হোসেন ও বাংলা একাডেমীর
উপ-পরিচালক খোন্দকার মোহাম্মদ মুজাহিদুল ইসলাম।

অগ্নিকাণ্ডের ঘটনায় দুপুরে শাহবাগ থানায় বাংলা একাডেমীর পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলেও জানান শাহিদা খাতুন।

বৈঠকে সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব সুরাইয়া বেগম, বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান, মেলা কমিটির কয়েকজন সদস্য ও ক্ষতিগ্রস্ত প্রকাশনা সংস্থাগুলোর মালিকরা উপস্থিত ছিলেন।

এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলা একাডেমী প্রাঙ্গণে পাঁচ মিনিটের জন্য নীরবতা পালন করা হয়।

পূর্ব ঘোষণা অনুযায়ী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়ে বিকেল সাড়ে পাঁচটা থেকে পাঁচটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত নীরবতা পালন করা হয়।

বিকেল পাঁচটার দিকে তথ্য কেন্দ্রের মাইকে নীরবতা পালনের এই ঘোষণা দেয়া হয়।

এসময় প্রকাশক ও বিক্রেতারা বিক্রি বন্ধ করে দাঁড়িয়ে নীরবতা পালন করেন। এরপরই ক্ষতিপূরণের দাবিতে একটি মৌন মিছিল বের করেন ক্ষতিগ্রস্ত প্রকাশক ও স্বত্ত্বাধিকারীরা।

বিকেল পাঁচটার দিকে একাডেমীর নজরুল মঞ্চে একটি বইয়ের মোড়ক উন্মোচন করতে আসেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এই মেলা বাঙালির প্রাণের মেলা। যারা এই অগ্নিকাণ্ড ঘটিয়েছে তারা বাংলাদেশের শত্রু, গণমানুষের শত্রু।

তথ্যমন্ত্রী অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িতদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দারি পাশাপাশি ক্ষতিগ্রস্ত প্রকাশকদের ক্ষতিপূরণ দেওয়ার আহ্বান জানান।

রোববার রাত একটার দিকে বাংলা একাডেমী প্রাঙ্গণে অমর একুশের গ্রন্থমেলার একটি অংশে আগুন লেগে ২৫টি প্রকাশনা সংস্থার স্টল পুড়ে যায়।

বৈদ্যুতিক গোলোযোগ থেকে এ অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে বলে ফায়ার সার্ভিসের ধারণা। তবে এই অগ্নিকাণ্ডের ঘটনাকে নাশকতা বলে মনে করছেন প্রকাশকদের অনেকেই।