শ্রমিক নিহতের গুজবে কালিয়াকৈরে সড়ক অবরোধ
গাজীপুরের কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায়ে এক শ্রমিক নিহত হওয়ার গুজবে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রায় দুই ঘণ্টা অবরোধ করে রাখে পোশাক শ্রমিকরা।
সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ শ্রমিকদের সরিয়ে দিলে যান চলাচল আবার স্বাভাবিক হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান কালিয়াকৈর থানার ওসি মীর রকিবুল হক।
তিনি জানান, কারখানায় যাওয়ার পথে সোমবার বেলা পৌনে ৮টার দিকে মৌচাকের তেলিরতলা এলাকায় একটি যাত্রীবাহী বাস এটিএস অ্যাপারেলস কারখানার শ্রমিক জহুরা আক্তারকে (৩০) ধাক্কা দেয়। পায়ে আঘাত পাওয়া জহুরাকে স্থানীয়রা কোনাবাড়ি মাতৃসেবা ক্লিনিকে ভর্তি করে।
জহুরার মৃত্যুর খবর জড়িয়ে পড়লে ওই এলাকার পোশাক শ্রমিকরা সাড়ে ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেয় এবং গাড়ি ভাংচুর শুরু করে।
কালিয়াকৈর থানা পুলিশ, গাজীপুর শিল্প পুলিশ ও কোনাবাড়ি হাইওয়ে পুলিশ তাদের রাস্তা থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করলে শ্রমিকরা উত্তেজিত হয়ে ওঠে। এ সময় পুলিশ ও শ্রমিকদের মধ্যে কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশ বেশ কয়েক রাউন্ড কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছুড়ে বলে জানান ওসি মীর রকিবুল হক।
জহুরা বগুড়ার আদমদীঘি থানার পূর্ব সিংরা এলাকার আশরাফ মিয়ার স্ত্রী। তিনি স্বপরিবারে কালিয়াকৈরে ভাড়া থাকেন।
বিশৃঙ্খলার আশংকায় ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
