২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বইমেলার সময় বাড়েনি, শুরুর সময় এগিয়েছে

সংবাদ সম্মেলন করে অমর একুশের গ্রন্থমেলার সময় বাড়ানোর জোর দাবি করেছে প্রকাশকরা। তবে বাংলা একাডেমী কর্তৃপক্ষ মেলার দিন বাড়বে না জানিয়ে দিয়ে শেষ দুইদিন মেলা শুরুর সময় এগিয়ে দিয়েছে।

রাশেদ শাওন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2013, 06:39 PM

Updated : 23 Aug 2022, 10:15 AM

মেলা প্রাঙ্গনের তথ্যকেন্দ্রের সামনে রোববার বিকেলে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শ্রাবণ প্রকাশনীর রবিন আহসান বলেন, ‘‘এ মাসে জামায়াত-শিবিরের চারদিনের হরতাল ও এর পূর্বের চার দিনের সহিংসতা এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে একদিন; মোট নয়দিন মেলা প্রানহীন ছিলো। এছাড়াও শাহবাগের চলমান গণজাগরন মঞ্চের আন্দোলনের কারণেও মেলার বিক্রি কম হয়েছে। এসব বিষয়কে বিবেচনায় রেখে আমরা মেলা এক সপ্তাহ বাড়ানোর দাবি জানিয়েছিলাম। কিন্তু, একাডেমী আমাদের এই দাবিকে গ্রাহ্য করে নি।”

এতে আগামী প্রকাশনীর প্রকাশক ওসমান গণি প্রকাশক “আমরা শাহবাগের প্রজন্ম চত্বরের গণজামায়েতের সঙ্গে সংহতি জানিয়ে আসছি। একাডেমী মেলার সময় না বাড়ালে যতদিন শাহবাগের গণজাগরণ মঞ্চ থাকবে, ততদিন আমরা মেলা প্রাঙ্গনে অবস্থান করবো।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, পুস্তক প্রকাশক-বিক্রয় কমিটির সভাপতি আলমগীর সিকদার লোটন, অনুপম প্রকাশনীর মিলন কান্তি নাথ, সময় প্রকাশনের ফরিদ আহমেদ, অন্য প্রকাশের মাজহারুল ইসলাম, অনন্যা’র মনিরুল হক, অ্যাডন পাবলিকেশন এর সৈয়দ জাকির হোসাইন, শুদ্ধস্বরের আহমেদুর রশীদ চৌধুরী, ভাষাচিত্রের খন্দকার মুনিরুল ইসলাম, তাম্রলিপির তরিকুল ইসলাম রনি প্রমুখ। এতে লিখিত বক্তব্য পাঠ করেন শ্রাবণের রবিন আহসান। জাতীয় কবিতা পরিষদের সধারণ সম্পাদক আসলাম সানী লেখকদের পক্ষে এ সংবাদ সম্মেলনের দাবির সাথে সংহতি প্রকাশ করেন।

এ দাবি নিয়ে বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান বলেন, “একুশের চেতনাকে ধারন করে এ মেলার আয়োজন হয়ে থাকে। ফলে মেলার সময়সীমা বাড়ানোর কোন সুযোগ নেই। তবে, প্রকাশকদের দাবির প্রেক্ষিতে মেলার শেষ দুই দিন ২৭ ও ২৮ ফেব্রুয়ারি বিকেল ৩টার পরিবর্তে সকাল ১১টায় মেলার দ্বার খুলে দেওয়া হবে।”

হরতালেও  প্রাণচাঞ্চল্য

রোববার সমমনা ইসলামী বারোটি দলের ডাকা হরতালেও প্রাণচাঞ্চল্যে মুখর থেকেছে বইমেলা প্রাঙ্গন।

অনেক পাঠককে দেখা গেছে তালিকা ধরে বই কিনেতে। সন্ধ্যার পর পাঠক, লেখক ও প্রকাশকদের আড্ডাও জমে ওঠে।

মেলার ২৪তম দিনে নজরুল মঞ্চে ৯টি বইয়ের মোড়ক উন্মোচিত হয়েছে। এরমধ্যে পররাষ্ট্র মন্ত্রী ডা. দীপু মনি উন্মোচন করেন মূর্ধণ্য থেকে প্রকাশিত ডা. খালেদা বেগমের ‘স্মৃতিতে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ এবং অন্যান্য। ডা. মো. জায়েদ হোসেনের মেঘ বালিকা বইয়েল মোড়ক উন্মোচন করেন সংসদ সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন।

এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম উন্মোচন করেন রোকসানা পারভীন সাথীর লিলিপুটের দেশে ও মোহাম্মদ মাসরুর আহসানের ‘অসম প্রেম’। বইগুলো প্রকাশ করেছে নলেজ ভিউ।

একাডেমীর সমন্বয় ও জনসংযোগ উপ-বিভাগ থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, রোববার ৬১টি নতুন বই এসেছে।

বাংলা একাডেমীর পুরস্কার

বিকাল চারটায় গ্রন্থমেলার মূলমঞ্চে বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার মনোনীতদের হাতে তুলে দেওয়া হয়েছে। এবারে কবিতায় সানাউল হক খান ও আবিদ আনোয়ার, কথাসাহিত্যে হরিশংকর জলদাস, প্রবন্ধে সনৎকুমার সাহা, গবেষণায় খোন্দকার সিরাজুল হক, অনুবাদে ফকরুল আলম, মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্যে মাহবুব আলম, বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশে তপন চক্রবর্তী এবং শিশুসাহিত্যে মাহবুব তালুকদারকে পুরষ্কার দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত লেখকদের হাতে পুষ্পস্তবক, এক লক্ষ টাকার চেক, ক্রেস্ট ও সম্মাননাপত্র তুলে দেন বাংলা একাডেমীর সভাপতি অধ্যাপক আনিসুজ্জামান এবং মহাপরিচালক শামসুজ্জামান খান।