২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিরপুরের সমাবেশের আগেই মাহামুদুরের গ্রেপ্তার দাবি

মিরপুরের সমাবেশের আগেই আমাদের দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহামুদুর রহমানকে গ্রেপ্তারে নতুন করে সময় বেঁধে দেয়া হয়েছে শাহবাগের গণজাগরণ মঞ্চ থেকে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2013, 06:01 PM

Updated : 25 Apr 2022, 06:24 PM

আমার দেশ পত্রিকার উস্কানিতেই দেশব্যাপী জামায়াত-শিবির তাণ্ডব চালাচ্ছে বলে আবারও অভিযোগ করেন, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।

রোববার রাত পৌনে ১১টায় গণজাগরণ মঞ্চ থেকে তিনি বলেন, “আমরা সাংবাদিক নামধারী মাহামুদুর রহমানকে গ্রেপ্তারের জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলাম। কিন্তু সরকার এখনও এ সন্ত্রাসীদের মদদদাতা সাংবাদিককে গ্রেপ্তার না করায় আমরা হতাশ। আমরা আশা করছি, আগামীকাল মিরপুরের সমাবেশের আগেই সরকার যে কোনো মূল্যে তাকে গ্রেপ্তার করবে।”

শনিবার রায়েরবাজার বধ্যভূমিতে সমাবেশের পর সোমবার দুপুর দিনটায় মিরপুর ১০ নম্বর গোলচক্করে সমাবেশ করবে শাহবাগের গণজাগরণের আন্দোলনকারীরা।

গণমাধ্যমে শাহবাগের গণআন্দোলন সম্পর্কে বিভ্রান্তিকর তথ্যের জবাব মঙ্গলবার সন্ধ্যায় গণজাগরণ মঞ্চ থেকে দেয়া হবে বলে তিনি জানান।

যুদ্ধাপরাধীদের ফাঁসি ও জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবিতে আন্দোলনকারীদের বিরুদ্ধে আমার দেশ পত্রিকা উস্কানিমূলক খবর ছাপাচ্ছে বলে গণজাগরণ মঞ্চের অভিযোগ।

শুক্রবার রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে শাহবাগবিরোধী মিছিল থেকে সাংবাদিক, পুলিশ, জাগরণ মঞ্চ ও শহীদ মিনারে হামলার পর মাহমুদুর রহমানকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানায় গণজাগরণ মঞ্চ।

পরদিন অপপ্রচার চালিয়ে ধর্মীয় উন্মাদনা সৃষ্টি এবং হামলা-ভাংচুরের অভিযোগে মাহমুদুরের বিরুদ্ধে শাহবাগ ও রমনা থানায় পাঁচটি মামলা দায়ের হয়।

মাহামুদুর রহমানকে গ্রেপ্তার না করা হলে সোমবার মিরপুরের সমাবেশ থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান ইমরান।

সকালে হরতাল প্রতিরোধের আহ্বানে সাড়া দিয়ে গণজাগরণ মঞ্চের মিছিলে যোগ দেয় হাজার হাজার মানুষ।

শাহবাগবিরোধী ইসলামী কয়েকটি দলের ডাকা হরতাল প্রত্যাখ্যান করে রোববার সারাদেশেই মিছিল হয়েছে।

শাহবাগে প্রজন্ম চত্বর থেকে সকাল পৌনে ১০টার দিকে মিছিল শুরু হয়। মিছিলের অগ্রভাগে থাকেন প্রগতিশীল ছাত্র ও সাংস্কৃতিক সংগঠনগুলোর নেতারা।

আন্দোলনের ২০তম দিনে ভোর থেকে স্লোগান শুরু হওয়া প্রজন্ম চত্বরে সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে জড়ো হয়।

গণজাগরণ মঞ্চের এই মিছিলটি মৎস্য ভবন, প্রেসক্লাব হয়ে পল্টন পেরিয়ে দৈনিক বাংলা মোড় পর্যন্ত গিয়ে মোড় ঘোরে।

গত শুক্রবার জুমার নামাজের পর পল্টন থেকে দৈনিক বাংলা মোড় পর্যন্ত এলাকায় জামায়াত-শিবিরের তাণ্ডব চলে।

সকাল পৌনে ১১টার দিকে মিছিলটি পুনরায় শাহবাগে ফেরে, গত ৫ ফেব্রুয়ারি থেকে যা সারাদেশের আন্দোলনের কেন্দ্রস্থল।

গণজাগরণ মঞ্চের মিছিলে যুদ্ধাপরাধী, জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ ও হরতালবিরোধী স্লোগান দেয়া হয়।

শনিবার বিকালে রায়েরবাজার বধ্যভূমিতে যুদ্ধাপরাধীদের প্রতিরোধের শপথ নেয় গণজাগরণ মঞ্চের আন্দোলনকারীরা।

এরপর শাহবাগ ফিরে রাত ১০টার দিকে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার ঘোষণা দেন আন্দোলন চালিয়ে যাওয়ার।

গণজাগরণ মঞ্চের মিছিল শাহবাগে ফেরার পর নতুন উদ্যমে শুরু হয় স্লোগান। বিভিন্ন স্থান থেকে মানুষ এসে প্রজন্ম চত্বরে জড়ো হন। অন্যান্য দিনের মতোই রাত পর্যন্ত সরব ছিল শাহবাগের প্রজন্ম চত্বর।

এদিকে প্রজন্ম চত্বরের মিডিয়া সেলে যুদ্ধারাধীদের ফাঁসি ও জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে গণসাক্ষর কর্মসূচি অব্যাহত রয়েছে, যেখানে ভিড় করে স্বাক্ষর দিয়েছেন বিভিন্ন বয়সের মানুষ।