২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পেকুয়ায় জামায়াত-বিএনপি কার্যালয় ভাংচুর

কক্সবাজারের পেকুয়ায় স্বেচ্ছাসেবক লীগের এক নেতা গুলিবিদ্ধ হওয়ার পর জামায়াতে ইসলামী ও বিএনপির কার্যালয় ভাংচুর হয়েছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2013, 11:34 AM

Updated : 23 Aug 2022, 10:15 AM

ইসলামী সমমনা ১২ দলের হরতালের মধ্যে রোববার বিএনপি  ও জামায়াতে ইসলামীর সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষ বাঁধে বলে স্থানীয়রা জানায়।

পুলিশ জানিয়েছে, সংঘর্ষে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক আবদুল লতিফ জুয়েল (৩০)সহ  অন্তত ১০ জন আহত হয়েছেন।

এরপরই হামলা হয়  উপজেলা বিএনপি ও জামায়াতের কার্যালয়, যার জন্য আওয়ামী লীগ নেতা-কর্মীদের দায়ী করছে দল দুটি।

গুলিবিদ্ধ স্বেচ্ছাসেবক লীগ নেতা জুয়েলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে  ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে আওয়ামী লীগ ও ছাত্রলীগের পাঁচ কর্মী রয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, হরতালের সমর্থনে বেলা ১১ টার দিকে পেকুয়া সদর ইউনিয়নের আশরাফুল উলুম মাদ্রাসা সংলগ্ন এলাকায় জামায়াত-শিবিরের একদল কর্মী অবরোধ করে। এসময় ছাত্রলীগের একদল কর্মী তাদের বাধা দিলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। 

তখন শিবিরকর্মীরা মাদ্রাসার মসজিদ থেকে মাইকিং করে বিএনপি-জামায়াতের কর্মীদের জড়ো করে। এরপর  তুমুল সংঘর্ষ শুরু হয়।

পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম বলেন, “ছাত্রদল সভাপতি ইউছুফ রুবেলের নেতৃত্বে আমাদের ওপর গুলিবর্ষণ করা হয়েছে।”

বেলা ২টার দিকে প্রায় পাঁচ রাউন্ড ফাঁকা  গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান পেকুয়া থানার ওসি মো. আনোয়ার হোসেন।

উপজেলা বিএনপির সভাপতি বাহাদুর শাহ বলেন, “জামায়াতের  সঙ্গে আওয়ামী লীগের সংঘর্ষ হয়েছে। এতে বিএনপি জড়িত নয়, অথচ বিএনপি কার্যালয়ে ভাংচুর চালানো হয়েছে।”

অন্যদিকে উপজেলা জামায়াতের আমির আবুল কালাম আজাদ বলেন, আশরাফুল উলুম মাদ্রাসা শিক্ষকদের ওপর হামলার ঘটনার জের ধরে এই সংঘর্ষ। এতে জামায়াত জড়িত নয়।

সংঘর্ষে আহত হারুনুর রশিদ (৪০) ও হাবিবুর রহমান (৩০) জামায়াত সমর্থক বলে স্থানীয়রা দাবি করেছেন।

হরতালে কক্সবাজার জেলা শহরে কোনো গোলোযোগ হয়নি। রাস্তায় দেখা যায়নি হরতাল সমর্থকদেরও।

কক্সবাজার থেকে দূরপাল্লার কোনো যান ছেড়ে না গেলেও শহরের অভ্যন্তরীণ সড়কে রিকশা, অটো রিকশা ও ট্যাক্সি চলাচল ছিল অন্য দিনের মতোই।