২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বইকেনা, আড্ডায় মুখর ছোটকাগজের চত্বর

বাংলা একাডেমীর মূল মেলাপ্রাঙ্গণ থেকে একে আলাদা মনে হয়। একটি বহেড়াগাছকে কেন্দ্রে রেখে বেশকিছু বইয়ের স্টল সাজানো। খানিকটা ফাঁকা স্থানের পরে চারদিকে আরো কিছু স্টল। এটিই ছোটকাগজের চত্বর।

রাশেদ শাওন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2013, 05:33 PM

Updated : 23 Aug 2022, 10:15 AM

বর্ধমান হাউসের পেছনের অংশটি মেলার আড্ডার স্থলে পরিণত হয়েছে। এটি এখন তরুণ লেখকদের পদচারণায় মুখরিত। বহেড়াতলাকে কেন্দ্র করে প্রতিদিন বিকেল থেকে মেলার স্টলগুলো বন্ধ না হওয়া পর্যন্ত চলে তাদের স্বপ্নবোনা।

এ বছর একুশে বইমেলায় ৪২টি ছোট কাগজকে স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে বহেড়াতলায় বৃত্তাকারে বসেছে ১৬টি কাগজ। আর বাকী ২৬টি কাগজ জায়গা পেয়েছে লিটলম্যাগ কর্নারেই- কাঁঠালতলায়। বহেড়াতলায় স্টল পাওয়া ছোট কাগজগুলোর মধ্যে রয়েছে- অনুভূতি, প্রকাশ, চারবাক, লিটলম্যাগ প্রাঙ্গণ, লোক, একবিংশ, পয়েট ট্রি, অদ্রি, কালের ধ্বনি, রোদ্দুর, শালুক এবং কবি ও কবিতা ইত্যাদি।

কাঁঠালতলার ছোট কাগজগুলোর মধ্যে রয়েছে- শব্দগুচ্ছ, প্লাটফর্ম, অর্বাক, মত ও পথ, উলুখাগড়া, ময়মনসিংহ জং, ঊষালোকে, আগুনমুখা, কবিতাপত্র, কবি, কোরাস, দ্রষ্টব্য, অরণি, কবিতাসংক্রান্তি, শিড়দাঁড়া, সুনৃত, কৃষাণ, সাম্প্রতিক, শুদ্ধস্বর এবং নিসর্গ ইত্যাদি।

প্লাটফর্মের প্রকাশক হেলাল উদ্দীন বলেন, প্রথাগত লেখনীর সব নীতিকে পেছনে ফেলে এসব কাগজের লেখকরা সৃষ্টি করছেন সাহিত্যের নতুন এক ধারা। কোন প্রকার সহযোগিতা ছাড়াই তাদের এ পথচলা সত্যিই অসাধারণ।

হেলাল আরো বলেন, “আমরা শুরু করেছিলাম প্লাটফর্ম দিয়ে। এবারের বইমেলায় আমরা থিয়েটার বিষয়ক আরো একটি ছোটকাগজ প্রকাশ করেছি। এটা নিয়মিত করার চিন্তা আছে। তাছাড়া এবার আমরা ২০ টি নতুন বই প্রকাশের উদ্যোগ নিয়েছি। এরই মধ্যে ১৬ টি বই এসেছে।” 

ছোটকাগজের এই চত্বর ঘুরে দেখা যায়, এসব কাগজের মধ্যে অনেকগুলোরই প্রকাশ পেয়েছে নতুন সংখ্যা। নতুন সংখ্যা এনেছে কবি, দ্রষ্টব্য, অরণি এবং প্রকাশ। এ বছরই ছোটো কাগজ হিসেবে যাত্রা শুরু করেছে নির্ণয়, আড়াইসিধা ও অনুপ্রাণন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সের ছাত্র সুহৃদ হালদার ছোট কাগজের স্টল ‘শালুক’ থেকে এক তরুণ লেখকের উপন্যাস কিনেছেন।

বইমেলায় এতো প্রকাশনা প্রতিষ্ঠান থাকতে এই চত্বর থেকে বই কেনার কারণ জিজ্ঞেস করলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মেলায় অন্য যারা বই প্রকাশ করেন তারা মূলত খ্যাতিমান লেখকদের বই প্রকাশ করে থাকেন। এই ধারার ঠিক উল্টো ছোটকাগজের এই প্রকাশনা প্রতিষ্ঠানগুলো। তারা একেবারেই নতুনদের বই প্রকাশ করেন।

তিনি আরো বলেন, “নব্বইয়ের দশক পর্যন্ত যারা সাহিত্য নিয়ে কাজ করছেন তাদের লেখার সঙ্গে নবাগতদের লেখার বিষয়বস্তু ও লেখার ধরন সম্পূর্ণই আলাদা। নতুনদের লেখা পড়ার জন্য এই চত্বরে আসা।”

একটি বেসরকারি টিভি চ্যানেলের সংবাদকর্মী জয় জানালেন, আজ তার সাপ্তাহিক ছুটি। তাই বইমেলায় এসেছেন আড্ডা দিতে।

“বন্ধুরা আসছে। আজ মেলার শেষ মুহূর্ত পর্যন্ত আড্ডা হবে এখানে।”

মেলার সময় বাড়ানোর দাবি

অমর একুশে গ্রন্থমেলার সময় বাড়ানোর দাবিতে প্রকাশকরা রোববার বিকেল ৪টায় মেলার লেখক আড্ডায় সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন।

শ্রাবণ প্রকাশনীর রবিন আহসান জানান, চার দিন হরতাল, এক দিন বৃষ্টি এবং শাহবাগের ‘প্রজন্ম চত্বরে’ টানা গণআন্দোলনের কারণে এবার বইমেলায় বিক্রি কম হয়েছে। এর পরিপ্রেক্ষিতে দুইদিন- ১ ও ২ মার্চ মেলার সময় বাড়ানোর দাবিতে এ সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।

নজরুল মঞ্চ

শনিবার মেলার ২৩তম দিনে ১৪টি বইয়ের মোড়ক উন্মেচন করা হয়। এর মধ্যে চলচ্চিত্রকার খালিদ মাহমুদ মিঠু উন্মোচন করেন আকাশ প্রকাশনী থেকে প্রকাশিত দৈনিক যায়যায়দিনের সহ-সম্পাদক দিপংকর দিপকের গল্পগ্রন্থ ‘বুনো কন্যা’ ও শুভ্র প্রকাশ থেকে প্রকাশিত অরণ্য পাশার উপন্যাস ‘চোরাবালি শহরে’।

ফারিয়া প্রেমার কাব্যগ্রন্থ ‘অবমানবের শার্সি’র মোড়ক উন্মোচন করেন কবি আসাদ চৌধুরী ও কবি ফারুক মাহমুদ। এদিন আগামী প্রকাশনীর সাতটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।  এর মধ্যে রয়েছে- রবিউল হোসেনের ‘জীবন ও মানুষ : ব্যাংক ও ব্যাংকিং’, মুনীরউদ্দিন আহম্মদের ‘সব ওষুধ নিরাপদ নয়’, ডা. শেখ গাউস মিয়ার ‘বাংলাদেশের উৎসব ও মেলা’, মোহাম্মদ মহিউদ্দিনের ‘যামিনীর যাপিত জীবন’, মিলি সুলতানার ‘যুদ্ধশিশু’, হাসনাত আবদুল হাইয়ের ‘নটে গাছটি’ ও আশেক মাহমুদের ‘কর্পোরেট গণমাধ্যম বিশ্বায়ন’।

বইগুলোর মোড়ক উন্মোচন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকি।

একই প্রকাশনী থেকে প্রকাশিত আশরাফ আহমেদর ‘কলাছলে বলা’ বইটির মোড়ক উন্মোচন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আনোয়ার হোসেন।

নতুন বই

বাংলা একাডেমীর সমন্বয় ও জনসংযোগ উপবিভাগ থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, এদিন মেলায় নতুন বই এসেছে ৯৬টি। এর মধ্যে গল্প ১৬টি, উপন্যাস ১৯টি, প্রবন্ধ ৮টি, কবিতা ২০টি, গবেষণাগ্রন্থ ২টি, ছড়ার বই ৪টি, শিশুতোষ ১টি, জীবনীগ্রন্থ ১টি, রচনাবলী ২টি, মুক্তিযুদ্ধ বিষয়ক ২টি, নাটক ২টি, বিজ্ঞান ১টি, ইতিহাস বিষয়ে ২টি, চিকিৎসা/স্বাস্থ্য ১টি, রম্য/ধাঁধা ১টি এবং অন্যান্য বিষয়ের উপর ১৪টি।

মেলায় অবসর এনেছে মেহের আফরোজ শাওন সম্পাদিত ‘হুমায়ূন আহমেদ আত্মজৈবনিক রচনা সমগ্র’,সূচনীয় নিয়ে এসেছে খোন্দকার সিরাজুল হকের ‘কাজী আবদুল ওদুদ’, হারুন হাবীবের ‘ছোটগল্পসমগ্র: মুক্তিযুদ্ধ ১৯৭১’, অনিন্দ্য প্রকাশ বের করেছে মঈনুল আহসান সাবেরের ‘গল্পসমগ্র-৩’, রাবেয়া খাতুনের ‘ছোটদের কিছু গল্প’, মোকারম হোসেনের ‘রবীন্দ্রনথের সচিত্র বনবাণী’ জাগৃতি এনেছে মুহাম্মদ হাবিবুর রহমানের ‘উন্নত মম শির’ সাদাত শাহরিয়ারের ‘তন্ত্রশক্তি বিধান’, মণিকা চক্রবর্তীর ‘বর্ণান্ধ রাত ও ডায়েরী’, তাম্রলিপি এনেছে নুরুন্নবী চৌধুরী হাছিবের ‘বাংলা উইকিপিডিয়া’, সন্দেশ এনেছে আহম্মদ মোস্তফা কামালের ‘আগুন্তুক’ ও ‘ঘর ভরতি মানুষ অথবা নৈঃশব্দ’, ইছামতী প্রকাশ করেছে সাইমন জাকারিয়ার ‘বাংলাদেশের লোকসঙ্গীত’, পালক এনেছে যাযাবর মিন্টুর ‘ভালোবাসার তিনটি গল্প’, শব্দশৈলী নিয়ে এসেছে শাকুর মজিদের ‘ইসলামের স্থাপত্য ধারা’।

মূল মঞ্চের আয়োজন

একুশে বইমেলা উপলক্ষে শনিবার সকালে মেলার মূল মঞ্চে শিশু-কিশোর চিত্রাঙ্কন, সংগীত, সাধারণ জ্ঞান ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান।

বিকেলে মেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘দাঙ্গায় শহিদ আমীর হোসেন চৌধুরী ও তাঁর সৃষ্টি’ এবং ‘প্রজেশ কুমার রায় : স্বল্পজ্ঞাত শহিদ কবি’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। অনুষ্ঠানে আমীর হোসেন চৌধুরী বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন ড. আমিনুর রহমান সুলতান ও প্রজেশ কুমার রায় বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন ড. তপন বাগচী।

আলোচনায় অংশ নেন সাংবাদিক সালেহ চৌধুরী, অধ্যাপক শফি আহমেদ এবং কবি-সাংবাদিক নাসির আহমেদ। সভাপতিত্ব করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন।

সন্ধ্যায় লোপা আহমেদের পরিচালনায় ‘জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ’ সংগীত পরিবেশন করে।

রোববারের আয়োজন

বিকেলে ২০১২ সালের বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে পুরস্কার।

এছাড়া বিকেলে অনুষ্ঠিত হবে ‘আবদুল হক চৌধুরী : জীবন ও সাধনা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে প্রবন্ধ উপস্থাপন করবেন তসিকুল ইসলাম রাজা। আলোচনায় অংশ নেবেন  অধ্যাপক মাহবুবুল হক, ড. আবদুল ওয়াহাব, শাহিদা খাতুন এবং শিরীণ আখতার। সভাপতিত্ব করবেন মুহাম্মদ সিকান্দার খান। সন্ধ্যায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান।