২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে গণজাগরণ মঞ্চ ভাংচুর, শিক্ষক গ্রেপ্তার

জেলা শহরের গণজাগরণ মঞ্চে হামলা ও ভাংচুরের ঘটনায় শুক্রবার রাতে এক কলেজ শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2013, 03:18 PM

Updated : 23 Aug 2022, 10:15 AM

গ্রেপ্তার আসাদুজ্জামান আকাশ (৩৮) গাজীপুর বিজনেস ম্যানেজমেন্ট (বিএম) কলেজের শিক্ষক। এ সময় তার ঘর থেকে একটি কম্পিউটারও জব্দ করা হয়।

জুমার নামাজের পর গাজীপুর শহরের গণজাগরণ মঞ্চে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে কয়েকশ’ মানুষ। এ সময় একটি ল্যাপটপ, একটি প্রজেক্টরসহ বেশ কিছু মালামাল লুট হয়।

ওই ঘটনায় গণজাগরণ মঞ্চের উদ্যোক্তা জুলিয়াস চৌধুরী বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

গাজীপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মনির হোসেনকে প্রধান আসামি করে ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় দেড় হাজার লোকের বিরুদ্ধে এ মামলা হয়।

জয়দেবপুর থানার এসআই মিঠু শেখ বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন সময়ে উস্কানিমূলক ও উগ্র সম্প্রদায়িক বক্তব্য লেখা ও তা শেয়ার কারারও অভিযোগ রয়েছে আকাশের বিরুদ্ধে।

অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে বলে জানিয়েছেন ওসি কামরুজ্জামান।