বাসে শ্লীলতাহানির চেষ্টা, লাফিয়ে প্রাণ দিলেন গৃহবধূ
সাভারে চলন্ত বাসে স্বামীকে আটকে গৃহবধূর শ্লীলতাহানির চেষ্টা করায় লাফিয়ে প্রাণ দিয়েছেন এক নারী।
পুলিশ জানিয়েছে, শুক্রবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কের শিমুলতলায় এ ঘটনায় মারা যান চাঁদনী খাতুন (১৯)। এ সময় তার স্বামী আবু বক্কর সিদ্দিক ওরফে পমি (২২) আহত হয়েছেন।
চাঁদনী রাজশাহীর চারঘাট উপজেলার চরকৃষ্টপুর এলাকার মকবুল হোসেনের মেয়ে।
শনিবার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিযেছে।
নিহতের স্বামীর দেয়া অভিযোগের বরাত দিয়ে সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) আমিনুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার রাত পৌনে ১২টার দিকে আশুলিয়ার জিরানী যাওয়ার জন্য তারা দুজন সাভার বাজার বাসস্ট্যান্ড থেকে গ্রামীণ সেবা পরিবহনের একটি বাসে ওঠেন।
বাসটিতে আরো ৪/৫ জন যাত্রী ছিল। বাসটি নবীনগরের দিকে না গিয়ে শিমুলতলা এলাকা দিয়ে ঘুরে ঢাকার দিকে চলতে থাকে।
এ সময় বাসে থাকা যাত্রীবেশে দূর্বৃত্তদের মধ্যে তিনজন চাঁদনীকে ধরে টানাহেচঁড়া করে শ্লীলতাহানির চেষ্টা করে।
তখন স্ত্রীকে বাঁচাতে তিনি (পমি) মোবাইল ফোনে স্বজনদের বিষয়টি জানানোর চেষ্টা করলে দূর্বৃত্তরা ফোনটি কেড়ে নিয়ে তাকে ধরে রাখে।
এক পর্যায়ে চাঁদনী চলন্ত বাসের জানালা দিয়ে লাফ দেন। স্ত্রীকে বাচাঁতে পমিও জানালা দিয়ে লাফিয়ে পড়েন।
পমি সামান্য আহত হলেও বাসের পিছনের চাকায় পিষ্ট হয়ে চাঁদনী মারা যান।
পুলিশ কর্মকর্তা আরো বলেন, প্রায় আধা কিলোমিটার সড়কের মধ্যে এতবড় একটি ঘটনা ঘটে গেল অথচ কেউ জানল না তা। বিষয়টি রহস্যজনক বলে মনে হচ্ছে।
ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার এবিএন মাসুদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এটি কোনো ছিনতাইকারী চক্রের কাজ হতে পারে। যাত্রীবেশে ছিনতাইকারী চাঁদনীকে শ্লীলতাহানীর চেষ্টা করছিল। তখন তিনি লাফিয়ে পড়ে মারা যান বলে ধারণা করা হচ্ছে।
ওই বাসটিকে আটকের চেষ্টা চলছে জানিয়ে তিনি বলেন, বাসটি আটক হলে প্রকৃত রহস্য বেরিয়ে আসবে।
এ ঘটনায় চাঁদনীর স্বামী বাদী হয়ে সাভার মডেল থানায় একটি অভিযোগ দিয়েছেন, বলেন পুলিশ কর্মকর্তা।
