বধ্যভূমির শপথ: লড়াই চলবে
সারা দেশে জাগরণমঞ্চবিরোধী হামলা-তাণ্ডবের পরদিন স্বাধীনতাবিরোধী জামায়াত শিবিরকে রুখে দেয়া এবং রোববারের হরতাল প্রতিরোধের দীপ্ত অঙ্গীকারে রায়েরবাজার বধ্যভূমিতে অনুষ্ঠিত হলো সমাবেশ, যেটি ছিল প্রজন্ম চত্বরের উদ্যোক্তাদের শাহবাগের বাইরে প্রথম সমাবেশ।
সমাবেশে জাতীয় পতাকা ধরে হাত তুলে স্বাধীনতাবিরোধী ও ধর্ম ব্যবসায়ীদের রুখে না দেয়া না পর্যন্ত ঘরে না ফেরার শপথ পাঠ করেন নানা শ্রেণি-পেশার হাজার হাজার মানুষ।
এ সময় হাজার হাজার কণ্ঠে একসঙ্গে উচ্চারিত হয়, “আমি শপথ করছি যে, কাদের মোল্লাসহ সকল যুদ্ধাপরাধীদের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা না হওয়া পর্ন্ত আন্দোলন চালিয়ে যাবো।”
“আন্দোলন চলবে স্বাধীনতা বিরোধী জামায়াত শিবির ও তাদের সন্ত্রাসী বাহিনী ইসলামী ছাত্র শিবির নিষিদ্ধ না হওয়া পর্ন্ত। যুদ্ধাপরাধীদের সকল প্রতিষ্ঠান বয়কট করবো আমরা।”
এই শপথকে কাজে পরিণত করার আহ্বান জানান ইমরান।
রোববারের হরতাল প্রতিরোধের আহ্বান জানিয়ে তিনি বলেন, “প্রতিটি গ্রাম, ইউনিয়ন, উপজেলা, জেলা ও পাড়া মহল্লায় আপনারা জামায়াত শিবিরের হরতাল বিরোধী মিছিল নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন। জামায়াত শিবিরকে এক ইঞ্চিও জায়গা ছাড়বেন না।”
সারা দেশে জাগরণমঞ্চবিরোধী হামলা-তাণ্ডবের পরদিন রায়েরবাজার বধ্যভূমিতে সমাবেশ ও শপথে যোগ দিতে দুপুর থেকেই মানুষ আসতে শুরু করে। সমাবেশ শুরুর আগেই গোটা এলাকা মানুষের উপচে পড়া ভিড়ের মধ্যে প্রতিবাদী গান, কবিতা আর স্লোগাণে মুখরিত হয়ে ওঠে।
জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরুর পর প্রগতিশীল বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা বক্তব্য দেন।
ছাত্র নেতারা জামায়াত-শিবিরকে ধর্ম ব্যবসায়ী উল্লেখ করে তাদের প্রতিহত করতে সবাইকে আহ্বান জানান।
গণজাগরণ মঞ্চ নিয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই মন্তব্য করে তিনি বলেন, “যারা শহীদ মিনার ভেঙেছে, জাতীয় পতাকা ছিড়েছে তাদেরকে আপনারা প্রতিহত করেন।”
ছাত্র ইউনিয়নের সভাপতি এসএম শুভ বলেন, “জামায়াত শিবির ও তাদের পৃষ্ঠপোষকরা গণজাগরণ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন। যুদ্ধাপরাধীদের হেফাজত করার জন্য হেফাজতে ইসলামের নামে তারা মাঠে নেমেছেন। কিন্তু ধর্ম ব্যবসায়ীদের বিরুদ্ধে মানুষ এখন মাঠে নেমেছে। তারা ধর্মকে নষ্ট হতে দেবে না।”
তিনি আরো বলেন, “ধর্ম নিয়ে যারা বিভ্রান্তি ছড়াচ্ছেন, তাদের দাত ভাঙা জবাব দিতে হবে। এছাড়া আগামীকালের রাজাকারদের হওতালও আমরা প্রত্যাখ্যান করছি।”
শনিবার ঊনবিংশতম দিনে গড়িয়েছে শাহবাগের এ আন্দোলন।
শুক্রবার সকাল থেকে কিছুটা ঢিলেঢালাভাবে কর্মসূচি চললেও দুপুরে জুমার নামাজের পর সারাদেশে কয়েকটি ইসলামী দলের তাণ্ডবের পর সন্ধ্যায় আবার উত্তাল হয় শাহবাগ। সারারাত ধরে চলে স্লোগান।
শনিবার সকালে নগরীর বিভিন্ন প্রান্ত থেকে শত শত মানুষ যোগ দিতে থাকেন বিক্ষোভে। অন্যান্য দিনের মতোই ইউনিফর্ম পরা স্কুল-কলেজের শিক্ষার্থীরাও দল বেঁধে শাহবাগে আসে। মূল মঞ্চের মাইক বন্ধ থাকলেও মুখে মুথে স্লোগানে অংশ নেন শত শত মানুষ।
যুদ্ধাপরাধীদের সরোচ্চ সাজা ও জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে প্রজন্ম চত্তরেই মিডিয়া সেলে চলছে গণস্বাক্ষর অভিযান। সকাল থেকেই শত শত মানুষ স্বাক্ষর করছেন সেখানে।
পুর্বঘোষিত কর্সূচি অনুযায়ী শনিবার বিকেল ৩টায় রায়েরবাজার বধ্যভূমিতে সমাবেশ হবে। সেখানে জাতীয় পতাকা হাতে দেশকে যুদ্ধাপরাধীমুক্ত করতে শপথ নেওয়া হবে। সারাদেশে একইভাবে পতাকা হাতে শপথ নেয়ার জন্য জাগরণ মঞ্চের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
শাহবাগের মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, প্রজন্ম চত্বর থেকে বিভিন্ন সংগঠন মিছিল নিয়ে রায়েরবাজারে সমাবেশ যোগ দেবে। রায়েরবাজার থেকে ফিরে আগের মতোই শ্লোগান ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে প্রজন্ম চত্বরে।
শনিবার উনবিংশতম দিনে গড়িয়েছে শাহবাগের এ আন্দোলন।
