২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তাগাছায় ‘ছিনতাইকারীর’ গুলিতে স্বর্ণব্যবসায়ী নিহত

ময়মনসিংহের মুক্তাগাছা পৌর এলাকায় ‘ছিনতাইকারী’র গুলিতে এক স্বর্ণব্যবসায়ী নিহত হয়েছেন।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2013, 12:15 PM

Updated : 23 Aug 2022, 10:15 AM

বৃহস্পতিবার রাতে আটানি বাজারে এ ঘটনায় নিহত হন উপজেলার দড়িচারিয়ানী বাজারের মা রাজেশ্বরী নামের স্বর্ণের দোকানের মালিক উজ্জ্বল দেবনাথ বাবুল।

দুর্বৃত্তরা তার কাছ থেকে নগদ অর্থ ও স্বর্ণালংকারসহ প্রায় সাড়ে তের লাখ টাকার মালামাল নিয়ে গেছে বলে পুলিশ জানিয়েছে।

মুক্তাগাছা থানার ডিউটি অফিসার মুকুল রঞ্জন বাড়ৈ সাংবাদিকদের বলেন, বৃহস্পতিবার রাত ৯টার দিকে নগদ ষোল হাজার টাকা ও প্রায় বাইশ ভরি স্বর্ণালংকারসহ দুই সহযোগীকে নিয়ে আটানী বাজারে নিজ বাসায় ফিরছিলেন। বাজারে পৌঁছার আগেই একটি মোটরসাইকেলে করে তিন ছিনতাইকারী তার কাছ থেকে টাকা ও স্বর্ণ ছিনিয়ে নেয়ার চেষ্টা চালায়।

মুকুল রঞ্জন বলেন, বাবুলের সঙ্গে ধস্তাধস্তির এক পর্যায়ে ছিনতাইকারীরা তার বুকে পিস্তল ঠেকিয়ে গুলি করে টাকা এবং মালামাল নিয়ে পালিয়ে যায়। ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

মুক্তাগাছা থানার ওসি ওমর ফারুক বলেন, ছিনতাইকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে দুপুর পর্যন্ত এঘটনায় থানায় কোনো মামলা হয়নি।