অষ্টাদশ দিনে প্রার্থনা, স্বাক্ষর সংগ্রহ
প্রজেন্ম চত্বরের আহ্বানে সাড়া দিয়ে একাত্তরে সব শহীদ এবং পরবর্তীতে জামায়াত-শিবির চক্রের হাতে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে সব ধর্মের উপসনালয়ে চলছে বিশেষ প্রার্থনার আয়োজন।
শুক্রবার সকালে তেজগাঁওয়ের হলি রোজারিও গির্জা ও আসাদ গেইটের সেইন্ট ক্রিস্টিনা চার্চসহ রাজধানীর বিভিন্ন গির্জায় শহীদরে আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশেষ প্রার্থনা করা হয়।দুপুরে জুমার নামাজের পর সারাদেশে সব মসজিদে হবে বিশেষ দোয়া।
যুদ্ধাপরাধীদের ফাঁসি ও জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবিতে আন্দোলনের সপ্তদশ দিন বৃহস্পতিবার শাহবাগের প্রজন্ম চত্বরের মহা সমাবেশ থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়।
এ আন্দোলনের অন্যতম সংগঠক ব্লগার ও অনলাইন অ্যাকটিভিস্ট নেটওয়ার্কের ইমরান এইচ সরকার সর্বস্তরের মানুষকে এই দোয়া ও প্রার্থনা কর্মসূচিতে অংশ নেয়ার আহ্বান জানান।
এদিকে ‘ধর্ম অবমাননাকারী’ ব্লগারদের শাস্তি এবং ইসলামী রাজনীতি নিষিদ্ধ করার ‘ষড়যন্ত্রে’র প্রতিবাদে কয়েকটি ইসলামপন্থী দলের ব্যানারে সারাদেশে শুক্রবার জুমার পর বিক্ষোভ মিছিলের কর্মসূচি দেয়া হয়েছে।
ইসলামী ও সমমনা ১২ দল,চরমোনাই পীরের সংগঠন ইসলামী আন্দোলনসহ কয়েকটি সংগঠন আলাদা বিবৃতিতে এই কর্মসূচি দেয়া হয়। জুমার নামাজের খুতবায় মসজিদে বিশেষ বয়ান এবং মোনাজাতেরও ঘোষণা দেয়া হয় এসব বিবৃতিতে।
আগামী ২৫ ফেব্রুয়ারিও একইদিনে ঢাকায় সমাবেশ করার ঘোষণা দিয়েছে শাহবাগের গণজাগরণ মঞ্চ এবং ‘ইসলামী’ দলগুলো।
টানা ১৭ দিন আন্দোলন চালিয়ে আসার পর নতুন কর্মসুচি ঘোষণা করে এদিন রাত ১১টার দিকে ইমরান আন্দোলনকারীদের বাড়ি ফিরে গিয়ে সকাল ১০টায় আবার শাহবাগে ফেরার আহআবন জানালেও কিছু আন্দোলনকারী আগের দিনগুলোর মতো শাহবাগেই রাত পার করেন। ভোরে জাতীয় সংগীতের মাধ্যমে নতুন দিন শুরু করেন তারা।
শাহবাগ মোড়ে বারডেমের সামনে দিয়ে মৎস্যভবনগামী সড়কের এক পাশ রাতেই খুলে দেয়া হলেও কাঁটাবন,হোটেল রূপসী বাংলা এবং টিএসসিমুখী সড়কে যান চলাচল শুরু হয় শুক্রবার বেলা ১২টার দিকে।
শাহবাগ এলাকায় দায়িত্বে থাকা পুলিশের ট্রাফিক ইনস্পেক্টর মো. রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কিছু অ্যাকটিভিস্ট রাস্তায় আছেন। তারা মিছিল করছেন। এ কারণে সবগুলো রাস্তায় সকালে যান চলাচল শুরু করা যায়নি।”
জাগরণমঞ্চের মিডিয়া সেল থেকে জানানো হয়,শুক্রবার শাহবাগ মোড়ে কোনো অবস্থান কর্মসূচি নেই। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়মুখী সড়কে ছয় দফা দাবিতে সকাল ১০টা থেকে স্বাক্ষর সংগ্রহ ও বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে।
