নবজাগরণে শ্রদ্ধা ভাষাশহীদদের
যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে দেশজুড়ে গণজাগরণের মধ্যে বাহান্নোর ভাষাশহীদদের স্মরণ করছে জাতি।
মায়ের ভাষার অধিকার আদায়ে ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারিতে যারা রক্ত দিয়েছিল, তাদের উত্তরসূরিরাই ১৯৭১ সালে অস্ত্রহাতে যুদ্ধে নেমে এনেছিল স্বাধীনতার লাল সূর্য।
১৯৫২ তে যারা রাষ্ট্রভাষা বাংলার বিরোধিতা করেছিল, তারাই একাত্তরে স্বাধীনতার বিরোধিতা করে বাঙালি হত্যায় পাকিস্তানিদের দোসর হয়েছিল।
পাক বাহিনীর ওই দোসরদের সর্বোচ্চ শাস্তির দাবিতে ৪২ বছর পর নতুন প্রজন্ম আন্দোলনে নেমেছে। শাহবাগের গণজাগরণ মঞ্চের এই আন্দোলনের প্রেক্ষাপটে একুশে ফেব্রুয়ারি এবার এসেছে নতুন আহ্বান নিয়ে।
কড়া নিরাপত্তার মধ্যে বৃহস্পতিবার একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হয়েছে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন।
রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী ফুল দেয়ার পর শহীদ মিনারে বাংলা ফন্ট ‘আমার বর্ণমালা’ উদ্বোধন করেন।
একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে বাংলার ইউনিকোড ফন্ট আমার বর্ণমালা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শেখ হাসিনা এরপর মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে এবং তারপর আওয়ামী লীগ নেতাদের সঙ্গে শহীদ বেদীতে ফুল দেন।
প্রধানমন্ত্রীর পর ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্পিকার আবদুল হামিদ। এরপর ফুল দেয় উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এরপর বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠনসহ জনতার ফুলে ফুলে ভরে ওঠে শহীদ মিনার।
রাত ১টার দিকে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে আন্দোলনকারী গণজাগরণ মঞ্চ।
দাবি আদায়ে শাহবাগে টানা ১৬ দিন ধরে অবস্থানকারী মঞ্চের মুখপাত ইমরান এইচ সরকারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়।
গণজাগরণ মঞ্চ থেকে একুশে ফেব্রুয়ারিতে বিকাল ৩টায় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের শহীদ মিনারে একযোগে একুশের গান গাওয়ার আহ্বান জানানো হয়েছে। একই সময়ে শাহবাগে হবে মহাসমাবেশ।
প্রথম প্রহরে মিছিলের পর মিছিল আসতে থাকে শহীদ মিনারে। ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ এই গানের সঙ্গে এবার সবার কণ্ঠেই স্লোগান ছিল- ‘যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই’, ‘ভাষাশহীদদের বাংলায়, রাজাকারদের ঠাঁই নেই’।
রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া এবার শহীদ মিনারে উপস্থিত হতে পারেননি।
রাষ্ট্রপতির উপ প্রেসসচিব সাজ্জাদ হায়দার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, অনিবার্য কারণে রাষ্ট্রপতির কর্মসূচি স্থগিত করা হয়েছে।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসার জন্য বর্তমানে সিঙ্গাপুরে রয়েছেন।
প্রথম প্রহরেই ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে শহীদ মিনারে ফুল দেন। তার সঙ্গে দলের কেন্দ্রীয় নেতারাও ছিলেন।
রাশেদ খান মেননের নেতৃত্বে ওয়ার্কার্স পার্টি, মুজাহিদুল ইসলাম সেলিমের নেতৃত্বে কমিউনিস্ট পার্টি, খালেকুজ্জামানের নেতৃত্বে বাসদ, দিলীপ বড়ুয়ার নেতৃত্বে সাম্যবাদী দল প্রথম প্রহরে শহীদদের প্রতি ফুল দেয়।
১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের মিছিলে পাকিস্তানি শাসক গোষ্ঠীর নির্দেশে পুলিশের গুলিতে প্রাণ হারান সালাম, রফিক, বরকত, শফিউরসহ নাম না জানা অনেকে।
এর পর বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার স্বীকৃতি দেয় তৎকালীন পাকিস্তানি শাসকগোষ্ঠী। ভাষা আন্দোলনের ধারাবাহিকতায়ই ১৯৭১ সালে সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে আসে বাংলাদেশের স্বাধীনতা।
১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কোর এক ঘোষণায় ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি পায়।
২১ ফেব্রুয়ারি দেশে সাধারণ ছুটির দিন। ভাষা শহীদদের স্মরণে এদিন জাতীয় পতাকা থাকবে অর্ধনমিত।
