চিঠি উড়লো শহীদদের স্বপ্ন পূরণের অঙ্গীকারে
‘এত দিন নিজেদের বড় অভাগা মনে হত। দেশের জন্য কিছু করতে পারি নি। আজ কোন দুঃখ নাই। আমিও দেশ মাতৃকার জন্য যুদ্ধে নেমেছি। এ যুদ্ধ রাজাকারমুক্ত দেশ গড়ার। আমাদের আর্শীবাদ করো।’
একাত্তরের শহীদদের উদ্দেশে লেখা চিঠিটি বেলুনে বেঁধে আকাশে উড়িয়ে দিলেন চট্টগ্রাম কলেজের গণিত বিভাগের শিক্ষার্থী রণি।
শাহবাগের ‘প্রজন্ম চত্বরের’ কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে একাত্তরসহ লাখো শহীদের প্রতি তরুণ প্রজন্মের জেগের উঠার বার্তা দিয়ে চট্টগ্রামবাসী ওড়ায় লাল-নীলসহ নানা বর্ণের হাজারো বেলুন।
আন্দোলনের ষোড়শ দিন বুধবার বিকাল ৪টা ১৩ মিনিটে জাগরণের কেন্দ্রস্থল শাহবাগ থেকে একসঙ্গে আকাশের দিকে উড়ে যায় কয়েক হাজার বেলুন। বেলুন উড়তে দেখা যায় রাজধানীসহ দেশের বিভিন্ন জেলার আকাশেও।
১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিকাল ৪টা ১৩ মিনিটে পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণের দলিলে সই করেছিল বলেই ওই সময়টি কর্মসূচির জন্য বেছে নেয় ৪২ বছর পরের এই আন্দোলনকারীরা।
বিকাল ৪ টা ১৩ মিনিটে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে ‘গণজাগরণ মঞ্চ’ থেকে চিঠিসহ এসব বেলুন আকাশে উড়িয়ে দেয় চট্টগ্রামের মুক্তিকামী প্রতিবাদী জনতা। যুদ্ধাপরাধীদের ফাঁসি এবং জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবি জানিয়ে টানা ১৫ দিন ধরে এখানে সমবেত হচ্ছে হাজারো জনতা।
অন্যান্য দিনের মত বুধবারও নির্ধারিত সময়ের অনেক আগেই প্রেস ক্লাব সড়কে জড়ো হতে থাকে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। শিশুরাও তাদের মা-বাবার সাথে আসতে থাকে সমাবেশ স্থলে।
এসেছিলেন অনেক মুক্তিযোদ্ধাও। তরুণরা তাদের চিঠিতে প্রকাশ করেছেন তাদের আবেগ এবং শহীদদের প্রতি তাদের প্রতিবাদী উচ্চারণ, শ্রদ্ধা এবং শহীদদের পূরণ না হওয়া স্বপ্ন পূরণের অঙ্গীকার।
আয়োজকদের সরবরাহ করা বেলুন ছাড়াও অনেকে ভ্রাম্যমাণ বিক্রেতাদের কাছ থেকে কিনে নেয় বেলুন।
রাজেশ চক্রবর্তী নামে এক বেসরকারী কর্মজীবী তার চিঠিতে লেখেন-‘২০১৩ সালে এসে বলতে চাই অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার তোমাদের স্বপ্ন ৪২ বছরেও কোন রাজনৈতিক দল পূরণ করেনি। আজ তরুণ প্রজন্ম তোমাদের স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে এসছে।’
হাতে বেলুন নিয়ে এসেছেন নাহিদা আক্তার নামে অপর এক তরুণী। তিনি সাথে এনেছেন তার মায়ের লেখা একটি চিঠি।
তিনি বলেন, “মা আসতে পারেনি তাই আমাকে দিয়ে এ চিঠিটি পাঠিয়েছেন।”
ষাঠোর্ধ বৃদ্ধা মায়ের ওই চিঠিতে লিখা ছিল ‘আমরা ৭১ দেখেছি। কিন্তু এ প্রজন্ম তা দেখেনি। তারা এবার নতুন করে যুদ্ধে নেমেছে। দেশকে কলঙ্কমুক্ত করেছে।’
বেলুন উড়ানোর পর উপস্থিত সমবেতরা সমস্বরে স্লোগান দেয় ’৭১ এর বাংলায় রাজাকারের ঠাঁই নাই, জামাত-শিবিরের রাজনীতি আইন করে বন্ধ কর।’
সমাবেশে উপস্থিত অনেকই বলেন, তরুণ প্রজন্মের এ লড়াই কোন ধর্ম ও সম্প্রদায়ের বিরুদ্ধে নয়। এ লড়ায় দেশকে ‘কলঙ্কমুক্ত’ করার লড়াই।
সিটি কলেজের ছাত্রী শারমিন সুলতানা বলেন, ‘তরুণ প্রজন্ম যখন অসাম্প্রদায়িক ও কলঙ্কমুক্ত বাংলাদেশ গড়ার সংগ্রাম করছে তখন স্বাধীনতা বিরোধীরা এ নিয়ে নানা ধরনের অপপ্রচার চালাচ্ছে এবং জনগণের মনে বিভ্রান্তি ছড়াচ্ছে।
‘এর বিরুদ্ধে আমরা তরুণরাই জবাব দিয়েছি।’
সাধারণের হাজারো বেলুনের বাইরে চট্টগ্রামের গণজাগরণ মঞ্চের আয়োজকদের পক্ষ থেকে একসাথে একশ বেলুনের সাথে একটি চিঠি বেঁধে আকাশে ওড়ানো হয়। ওই চিঠিতে শহীদদের স্বপ্ন পূরণ এবং যুদ্ধাপরাধীদের ফাঁসির আন্দোলন সফল করে তোলার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
বেলুন ওড়ানোর পর যথারীতি চলতে থাকে প্রতিদিনের মতো গণ সংগীত, আবৃত্তি, নাটক ও স্লোগান।
