২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজীবের সঙ্গে পাওয়া আলামতের ডিএনএ পরীক্ষা হবে

নিহত আহমেদ রাজীব হায়দারের মৃতদেহের সঙ্গে থাকা ল্যাপটপের জমাট রক্ত এবং মুঠোয় পাওয়া চুলের ডিএনএ পরীক্ষা হবে।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2013, 02:19 PM

Updated : 25 Apr 2022, 06:23 PM

রাজীব হত্যাকাণ্ড তদন্তের দায়িত্বে থাকা ডিবি কর্মকর্তা পরিদর্শক মাইনুল ইসলামের আবেদনে ঢাকার মুখ্য মহানগর হাকিম বিকাশ কুমার সাহা এই আদেশ দেন।

আদালতের আদেশে ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধানকে ওই দুটি আলামতের ডিএনএ পরীক্ষার পর তা তদন্ত কর্মকর্তাকে দিতে বলা হয়েছে।

গত শুক্রবার রাজধানীর মিরপুরের বাসার সামনে কুপিয়ে হত্যা করা হয় গণজাগরণ মঞ্চের কর্মী রাজীবকে।

তার সঙ্গে থাকা ল্যাপটপে রক্ত লেগে ছিল এবং হাতের মুঠোয় ধরা ছিল কিছু চুল।

ধারণা করা হচ্ছে, ওই চুল হত্যাকারীর। হত্যাকাণ্ডের সময় রাজীব বাঁচতে খুনির চুল ধরেছিল।

রাজীবকে জামায়াত-শিবির হত্যা করেছে বলে তার সহযোদ্ধা ও স্বজনদের অভিযোগ।

রাজীবের বাবা অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিদের আসামি করে মামলা করেছেন। গোয়েন্দা পুলিশ (ডিবি) ওই মামলা তদন্ত করছে।

হত্যাকাণ্ডের বিষয়ে কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করলেও কাউকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।