২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিরোজপুরে বাস উল্টে পুলিশ নিহত

পিরোজপুর সদরে বুধবার আসামি বহনকারী বাস উল্টে পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন। আহত হয়েছেন তিন কনস্টেবল ও ১২ জন আসামি।

পিরোজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2013, 09:45 AM

Updated : 23 Aug 2022, 10:14 AM

পিরোজপুর-পাড়েরহাট সড়কের ভাইজোড়ায় এ দুর্ঘটনায় নিহত মোস্তফা কামাল (৪৮) পিরোজপুর সদর থানায় কর্মরত ছিলেন।

আহতদের মধ্যে হাবিলদার প্রেমানন্দ ও আসামি নুরুল ইসলামকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া হাবিলদার মোহাম্মদ আলী ও জহুর আলীসহ বাকিদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

সদর থানার ওসি আব্দুর রাজ্জাক মোল্লা বলেন, সকাল ৭টায় একটি রিকুইজিশন বাসে করে পুলিশ আসামিদের নিয়ে  পিরোজপুর থেকে মঠবাড়িয়া উপজেলা ম্যাজিস্ট্রেট কোর্টে যাচ্ছিল। পথে চালক শহিদুলের অসাবধানতার কারণে বাসটি রাস্তার পাশে উল্টে পড়ে যায়।

চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে চালকের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ, বলেন তিনি।