২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে ফের শিবিরের হামলা

রাজশাহী নগরীতে ইসলামী ছাত্র শিবিরকর্মীরা ফের পুলিশের উপর হামলা চালিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রাজশাহী বিশ্ববিদ্যালয়,প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2013, 03:13 PM

Updated : 23 Aug 2022, 10:14 AM

এ হামলার পর মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর বাজারে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়।

সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

মতিহার থানার ওসি আব্দুস সোবহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মহানগর জামায়াতের আমীর আতাউর রহমানকে গ্রেপ্তারের প্রতিবাদে রাত পৌনে ৮টার দিকে হঠাৎ করে বিনোদপুর বাজারে শিবিরকর্মীরা ‘নায়রে তাকবির’ স্লোগান দিয়ে মিছিল বের করে।

এ সময় ঘটনাস্থলে পুলিশ গেলে শিবির নেতাকর্মীরা জড়ো হয়ে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া হয়।

এ সময় শিবিরকর্মীরা বিনোদপুর বাজারে অন্তত ৬/৭টি হাতবোমার বিস্ফোরণ ঘটায়।

পুলিশ পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাঁদানে গ্যাস, রাবার বুলেট ও কয়েক রাউণ্ড শটগানের গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, বলেন তিনি।

আহতদের পরিচয় তাক্ষণিকভাবে জানাতে পারেননি এই পুলিশ কর্মকর্তা।

সোমবার রাতেই একই স্থানে শিবিরকর্মীরা আওয়ামী লীগের ৩০ নম্বর ওয়ার্ড অফিসে হামলা ও গুলি চালালে পুলিশ ও আওয়ামী লীগ সমর্থকদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এতে কয়েকজন গুলিবিদ্ধ হয়। 

ওই সময় শিবিরকর্মীরা আওয়ামী লীগ অফিসে ভাংচুর, অগ্নিসংযোগ করে। দুটি মোটরসাইকেল জ্বালিয়ে দেয়। বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুর করে।