দিগন্ত টিভি বর্জনের শপথ অভিনয় শিল্পীদের
যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে শাহবাগের বিক্ষোভের সঙ্গে সুর মিলিয়ে জামায়াতে ইসলামী সংশ্লিষ্ট গণমাধ্যম বর্জনের ঘোষণা দিয়েছেন কয়েকজন নামী অভিনয় শিল্পী।
সোমবার বিকেলে শাহবাগের গণজাগরণ মঞ্চে এসে বিক্ষোভের সাথে একাত্মতা জানিয়ে এ ঘোষণা দেন তারিক আনাম, সুবর্ণা মোস্তফা, শম্পা রেজা, আজিজুল হাকিম, জয়া আহসান, রোকেয়া প্রাচী, চঞ্চল চৌধুরী, নিপা চৌধুরী, নাদের চৌধুরী, রওনক হাসান, কুসুম শিকদার, রিচি সোলায়মান, হাসান মাসুদ প্রমুখ।
শিল্পীদের পক্ষ থেকে নাট্য ব্যাক্তিত্ব তারিক আনাম বলেন, “আজ এখানে সংহতি জানিয়ে ওয়াদা করছি, আমরা মৌলবাদী রাজাকারদের কোনো টিভি চ্যানেলের কোনো নাটক বা অনুষ্ঠানে অংশ নেবো না। দিগন্ত টেলিভিশন বর্জন করার জন্য আমি সকল শিল্পীদের আহবান জানাই।”
“প্রচার মাধ্যমগুলোর মালিক পক্ষদের কাছে আমাদের অনুরোধ, আপনারা জামায়াতের কোন প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রচার করবেন না। চ্যানেলগুলোতে জামায়াতের কেউ থাকলে তাদের প্রতিহত ও বর্জন করুন” যোগ করেন তিনি।
এরপর পরই তিনি স্লোগান ধরেন, ‘জয় বাংলা’, ফাঁসি চাই, ফাঁসি চাই/রাজাকারের ফাঁসি চাই’।
এরপর ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিক্ষোভের সাখে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন জয়া আহসান।
জামায়াত-শিবিরসংশ্লিষ্ট সব ব্যবসায়িক ও সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও পণ্য বর্জনের ডাক দেওয়া হয় শাহবাগের গণজাগরণ মঞ্চ থেকে। এসব প্রতিষ্ঠানের একটি তালিকা প্রকাশ করা হয়।
