পালানোর সময় ৩ ছিনতাইকারীকে পিটুনি
ছিনতাই করে অটোরিকশায় পালানোর সময় তিন ছিনতাইকারীকে রাজধানীর প্রেসক্লাবের সামনে ধরে পিটুনি দিয়েছে জনতা।
গণপিটুনির পর তিন ছিনতাইকারী জীবন, সীরু ও পান্নুকে পুলিশের হাতে তুলে দেয়া হয়। পরে আহত জীবনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ট্রাফিক পরিদর্শক মাহবুর হোসেন জানান, মোটরসাইকেলের দুই আরোহী একটি আটোরিকশাকে ধাওয়া করছিল।
পুলিশ ও জনতা বিষয়টি দেখতে পেয়ে প্রেসক্লাবের সামনে অটোরিকশাটি আটকালে দুই আরোহী ও চালক দৌঁড় দেয়। জনতা তাদেরকে ধরে মারধর শুরু করলে পুলিশ তাদেরকে উদ্ধার করে শাহবাগ থানায় নিয়ে যায়।
অটোরিকশাকে ধাওয়া করা মোটরসাইকেলের পেছনে বসা যুবক শাহাদাত হোসেন বলেন, তিনি, তার স্ত্রী প্রীতি ও বন্ধু শংকর মালিবাগ থেকে রিকশা করে সদরঘাট যাচ্ছিলেন। বিজয়নগর পানির ট্যাঙ্কির সামনে ওই অটোরিকশার আরোহীরা তার স্ত্রীর হাতে থাকা ব্যাগ টান দিয়ে পালিয়ে যাচ্ছিল।
শাহাদাত বলেন, এ সময় মোটরসাইকেল আরোহী যুবক প্রতীককে অনুরোধ করলে তিনি আমাকে পিছনে বসিয়ে অটোরিকশাটি ধাওয়া করেন।
গুলি করে মোটরসাইকেল ছিনতাই
এদিকে বিএফ শাহীন স্কুল এণ্ড কলেজের সামনের রাস্তায় সোমবার ভোরে ছিনতাইকারীরা রুমেল ফেরদৌস (২৬) নামে এক যুবককে গুলি করে মোটরসাইকেল ছিনিয়ে নেয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান, রুমেলের পেটে চারটি গুলি লাগে।
রুমেল ইংরেজি দৈনিক ডেইলি সানের আইটি কর্মকর্তা বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এসইউ/১৬২৪ ঘ.
