পরাগ অপহরণ: ৫ আসামির জামিন বাতিল
কেরানীগঞ্জের ছয় বছরের শিশু পরাগ ম-ল অপহরণের মামলায় পাঁচ আসামির জামিন বাতিল করেছে আদালত।
ঢাকার জেলা জজ আব্দুল মজিদ রোববার জামিন বাতিলের এই আদেশ দেন।
আদেশে বলা হয়, পরাগ অপহরণ মামলাটি একটি আলোচিত মামলা। আসামিরা জামিনে মুক্ত হয়ে বাদীসহ আত্মীয়-স্বজনদের বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখাচ্ছে; তদন্ত কাজে বাধা সৃষ্টি করছে।
আগামী ১৯ ফেব্রুয়ারির মধ্যে আসামিদের আদালতে আত্মসমর্পণ করতে বলেছে আদালত। নইলে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে।
গত ৭ ফেব্রুয়ারি এই পাঁচ আসামিকে জামিন দেয়ায় হাই কোর্ট এই বিচারককে তলব করেছিল। তবে পরে তলবের ওই আদেশ প্রত্যাহার করা হয়।
যাদের জামিন বাতিল করা হয়েছে, তারা হলেন জুয়েল মোল্লা, মামুন মিয়া, আলফাজ হোসেন, আবুল কাশেম এবং রিজভী আহমেদ অনীক।
এই বিচারক গত ১ জানুয়ারি আবুল কাশেম, ১৫ জানুয়ারি যুবলীগ নেতা আমিনুল হক ওরফে জুয়েল মোল্লা, ২৩ জানুয়ারি আলফাজ, ২৮ জানুয়ারি রিজভী আহমেদ অনিক ও ৭ ফেব্রুয়ারি মামুনকে জামিন দেন।
গত বছরের ১১ নভেম্বর সকালে মা-বোনকে গুলি করে কেরানীগঞ্জের শুভাঢ্যা এলাকা থেকে অপহরণ করা হয় ব্যবসায়ীপুত্র পরাগকে।
অপহরণের ৬৪ ঘণ্টা পর ১৩ নভেম্বর মধ্যরাতে কেরানীগঞ্জের আঁটিবাজার এলাকায় অচেতন অবস্থায় পরাগকে উদ্ধার করা হয়। দুর্বৃত্তরা তাকে সেখানে ফেলে গিয়েছিল।
শুরু থেকেই অভিযোগ ছিল, শুভাঢ্যা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি জুয়েল মোল্লা এই অপহরণের অন্যতম পরিকল্পনাকারী।
পুলিশ প্রথমে আটক না করলেও হাই কোর্টের নির্দেশে গত বছরের ২২ নভেম্বর তাকে গ্রেপ্তার করেছিল।
পাঁচ আসামি বেরিয়ে গেলেও মামলার আরো পাঁচ আসামি বর্তমানে কারাগারে রয়েছেন। তারা হলেন- আমির হোসেন, আলী রিফাত, জাহিদুল হাসান, কালাচাঁদ ও আল আমিন।
কারাগারে থাকা পাঁচজনই আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।
