২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘গাড়ি চলবে, দোকানও খুলবে’

জামায়াতে ইসলামীর ডাকা হরতাল প্রত্যাখান করে সারাদেশে দোকানপাট খোলা রাখা এবং যানবাহন চালানোর সিদ্ধান্ত নিয়েছে ব্যবসায়ী ও পরিবহন মালিকদের দুটি সংগঠন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2013, 08:01 AM

Updated : 23 Aug 2022, 10:13 AM

কক্সবাজারে সহিংসতায় হতাহতের ‘প্রতিবাদে’ সোমবার সারা দেশে সকাল সন্ধ্যা এই হরতাল ডেকেছে, একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা ও মানবতাবিরোধী কর্মকাণ্ডের জন্য যে দলটিকে নিষিদ্ধের দাবি জোরালো হয়ে উঠেছে সারা দেশে।

হরতাল প্রত্যাখ্যান করে জামায়াতকে রুখে দেয়ার আহ্বান জানিয়েছে শাহবাগের আন্দোলনকারীরাও।   

রোববার সকালে রাজধানীর এলিফেন্ট রোডের আল্পনা প্লাজায় বাংলাদেশ দোকান মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান মালিক সমিতির জরুরি সভায় জামায়াতের হরতাল প্রত্যাখ্যানের সিদ্ধান্ত হয়।

Image
৫ ফেব্রুয়ারি হরতালে চট্টগ্রামে জামায়াতের তাণ্ডব।

৫ ফেব্রুয়ারি হরতালে চট্টগ্রামে জামায়াতের তাণ্ডব।

বাংলাদেশ সড়ক পরিবহন সমিতিও একই সিদ্ধান্ত নিয়েছে বলে সংগঠনের মহাসচিব খন্দকার এনায়েতুল্লাহ জানান।

দোকান মালিক সমিতির সভা শেষে মহাসচিব এস এ কাদের কিরণ সাংবাদিকদের বলেন, “অযৌক্তিক দাবিতে জামায়াত-শিবিরের ডাকা হরতাল আমরা প্রত্যাখান করছি। সেই সঙ্গে সারাদেশে দোকানপাট খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছি।”

তিনি বলেন, দেশের অন্যান্য দোকান মালিক সমিতিগুলোকেও এ সিদ্ধান্ত জানিয়ে দেয়া হয়েছে। সোমবার সব জায়গায় দোকান খোলা থাকবে।

দোকান খোলা রাখতে প্রশাসনের কাছে বাড়তি নিরাপত্তা চান কিনা- এমন প্রশ্নের জবাবে কাদের কিরণ বলেন, “জামায়াত-শিবিরের হামলা ঠেকাতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থার প্রয়োজন নেই। এর জন্য আমরা নিজেরাই যথেষ্ট।”

“আমরা বরং ক্রেতাদের বলব মার্কেটে আসুন, আপনাদের নিরাপত্তার দায়িত্ব মার্কেট কর্তৃপক্ষের।”

বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির মহাসচিব খন্দকার এনায়েতুল্লাহ জানান, সারা দেশে পরিবহন মালিকদের অন্যান্য সংগঠনের সঙ্গঠনের সঙ্গে আলোচনা করে তারাও হরতাল প্রত্যাখ্যান করে সোমবার যানবাহন চলাচল স্বাভাবিক রাখার সিদ্ধান্ত নিয়েছেন। 

মহাখালী বাস মালিক সমিতির সভাপতি আবুল কালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই টার্মিনাল থেকে আমরা সব রুটে বাস ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। যাত্রী এলেই আমাদের বাস ছেড়ে যাবে।”

Image
গত ৫ ফেব্রুয়ারি হরতালে জামায়াত কর্মীদের গাড়ি ভাংচুর

গত ৫ ফেব্রুয়ারি হরতালে জামায়াত কর্মীদের গাড়ি ভাংচুর

যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগে চলমান আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশের পাশাপাশি ব্লগার আহমেদ রাজীব হায়দার খুন হওয়ার ঘটনায় শোক প্রকাশ করেছে দোকান মালিক সমিতি।

রাজীবের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়ে শাহবাগ চত্বরকে রাজীব চত্বর ঘোষণারও দাবি জানিয়েছেন তারা।

কাদের কিরণ বলেন, “আমরা শাহবাগ চত্বরকে প্রজন্ম চত্বর বা অন্য কোনো নামে না ডেকে রাজীব চত্বর ঘোষণা করার অনুরোধ জানাচ্ছি।”

অন্যদের মধ্যে বাংলাদেশ দোকান মালিক সমিতির সহসভাপতি মোখলেছুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহ আলম খন্দকার, যুগ্ম মহাসচিব রেজাউল ইসলাম ও তৌফিক হোসেন সভায় আরো উপস্থিত ছিলেন।