২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরানীগঞ্জ থেকে শিবিরের ৯ নেতাকর্মী গ্রেপ্তার

নাশকতার পরিকল্পনার অভিযোগে ঢাকার কেরানীগঞ্জের চড়াইল গ্রাম থেকে ইসলামী ছাত্র শিবিরের ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতিসহ নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2013, 06:00 AM

Updated : 23 Aug 2022, 10:13 AM

শনিবার রাত ১২টার দিকে চড়াইলের একটি বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে কেরানীগঞ্জ থানা পুলিশ জানায়।

কেরানীগঞ্জ মডেল থানার ওসি মাইন উদ্দিন বলেন, “মতিঝিল থানা পুলিশের দেয়া তথ্যের ভিত্তিতে মহানগর দক্ষিণ শাখা শিবিরের সভাপতি মোস্তাক আহমেদসহ নয়জনকে গ্রেপ্তার করে মতিঝিল থানায় পাঠানো হয়েছে।”

ওসি বলেন, তিন তলা ওই বাড়িতে দীর্ঘদিন ধরে অবস্থান করে আসছিল শিবিরকর্মীরা। বাড়ির প্রধান ফটক বন্ধ থাকত বলে বাইরে থেকে মনে হতো- ভেতরে কেউ থোকে না। কিন্তু পেছন দিয়ে ছোট একটি গেইট তৈরি করে ভবনে যাওয়া আসা করতো তারা।

Image
১৩ ফেব্রুয়ারি দৈনিক বাংলা মোড়ে একটি বাস পুড়িয়ে দেয় জামায়াত কর্মীরা

১৩ ফেব্রুয়ারি দৈনিক বাংলা মোড়ে একটি বাস পুড়িয়ে দেয় জামায়াত কর্মীরা

গ্রেপ্তারকৃতদের সবার নাম না জানালেও তাদের মধ্যে কেরানীগঞ্জ শিবিরের সাবেক দুজন সভাপতি, একজন সদস্য, দুজন সাথী, দুজন কর্মী ও একজন সমর্থক রয়েছে বলে জানান ওসি।

যুদ্ধাপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ভেঙে দেয়া এবং আটক শীর্ষনেতাদের মুক্তির দাবিতে বেশ কিছুদিন ধরেই সহিংসতা চালিয়ে আসছে জামায়াতে ইসলামী ও তাদের সহযেগী সংগঠন ইসলামী ছাত্র শিবির।

গত বুধবার রাজধানীর মতিঝিলে জামায়াত-শিবিরকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় থানায় দুটি মামলা হয়েছে।

ওই সংঘর্ষের সময় মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার মেহেদী হাসানসহ চার পুলিশ আহত হন। এছাড়া জামায়াত-শিবিরকর্মীদের পিটুনিতে নিহত হন অগ্রণী ব্যাংকের কর্মচারী জাফর মুন্সী।