জ্বালানি খাতে বাংলাদেশকে সহযোগিতার আগ্রহ ভুটানের
জ্বালানি খাতে বাংলাদেশকে সহযোগিতা দেয়ার আগ্রহ দেখিয়েছে ভুটান।
শনিবার সন্ধ্যায় ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংকচুকের সঙ্গে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার সাক্ষাতের পর সাবেক পররাষ্ট্র সচিব শমসের মবিন চৌধুরী এ কথা জানান।
তিনি বলেন, “ভুটান জ্বালানি তথা অতিরিক্ত জলবিদ্যুৎ উৎপাদনে এগিয়ে আছে। ভুটানের রাজা বিরোধী দলীয় নেতার কাছে এই খাতে সহযোগিতার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন।’’
শমসের মবিন জানান, রাজা বলেছেন, “বাংলাদেশের সঙ্গে ভুটানের অবকাঠামোগত উন্নয়ন করা গেলে জ্বালানি খাতে ভুটান সহযোগিতা করবে।”
রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক ও রানি গায়ালতসুয়েন জেতসুন পেমা ওয়াংচুক বৃহস্পতিবার পাঁচ দিনের সফরে ঢাকা আসেন।
সন্ধ্যায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে প্যাসিফিক লাউঞ্জে ভুটানের রাজার সঙ্গে বিরোধী দলীয় নেতা সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে দ্বিপাক্ষিক ও আঞ্চলিক সহযোগিতার বিষয়ে তাদের মধ্যে বিস্তারিত আলোচনা হয়।
এই সাক্ষাতের সময়ে ভুটানের রাজার পাশেই ছিলের রানী গিয়ালতসুয়েন জেতসুন পেমা ওয়াংচুক। ৪৫ মিনিট ধরে এই সাক্ষাৎ চলে।
এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমেদ, সহসভাপতি শমসের মবিন চৌধুরী উপস্থিত ছিলেন।
সাক্ষাতের পর শমসের মবিন চৌধুরী জানান, অত্যন্ত বন্ধুত্বপূর্ণ পরিবেশে এই সাক্ষাৎ হয়। সাক্ষাতের শুরুতে ভুটানের রাজা প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়ার ভুটান সফরের কথা স্মরণ করে উল্লেখ করেন, ওই সময় তার (রাজার) বয়স ছিল ১৪ বছর।
রাজা ওয়াংচুক বলেন, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে ভুটানে বাংলাদেশের দূতাবাস খোলা হয়। সেখানে মাত্র দুটি দূতাবাস রয়েছে, এর মধ্যে বাংলাদেশ প্রথম।
ভুটানই প্রথম বাংলাদেশকে স্বাধীন-সার্বভৌম দেশ হিসেবে স্বীকৃতি দেয়।
বাংলাদেশের আতিথেয়তারও প্রশংসার করেন সফররত রাজা।
শমসের মবিন চৌধুরী আরো জানান, ভুটানের রাজা খালেদা জিয়াকে বলেছেন, “দুই দেশের মধ্যকার বর্তমান সম্পর্ক খুব ভালো। এই দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার করা যেতে পারে।”
এ অঞ্চলের মানুষের কল্যাণে আঞ্চলিক সহযোগিতার ওপরও গুরুত্বারোপ করেন দুই নেতা। ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংকচুক বিরোধী দলীয় নেতাকে ভুটান সফরের আমন্ত্রণ জানিয়েছেন।
এক প্রশ্নের জবাবে শমসের মবিন বলেন, খালেদার সাম্প্রতিক ভারত ও চীন সফর সম্পর্কেও ভুটানের রাজা জানতে চেয়েছেন। দ্বিপাক্ষিক ও আঞ্চলিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে বলে রাজাকে অবহিত করেন খালেদা জিয়া।
