প্রজন্ম চত্বরে প্রধানমন্ত্রীর ছেলে জয়
যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগ চত্বরে আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়।
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (মিডিয়া) মাহবুবুল হক শাকিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন।
শাকিল জানান, বিকাল ৫টা ১০ মিনিটে তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ সজীব ওয়াজেদ জয় শাহবাগ গিয়েছিলেন। তিনি প্রজন্ম চত্বরের আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন।
পরে তিনি আহমেদ রাজীব হায়দারের জানাজায় অংশ নেন।
যুদ্ধাপরাধীদের বিচার এবং জামায়াত-শিবিরের স্বরূপ উন্মোচনে অনলাইনে লেখালেখিতে সক্রিয় এবং শাহবাগ আন্দোলনের কর্মী রাজীবকে শুক্রবার রাতে মিরপুরে তার বাড়ির সামনে কুপিয়ে হত্যা করা হয়।
জামায়াতই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে রাজীবের বন্ধু ও স্বজনরা দাবি করেছেন।
গত ৫ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়ার পর ওই রায় প্রত্যাখ্যান করে শাহবাগ মোড়ে এই আন্দোলন শুরু করে ব্লগার ও অনলাইন অ্যাকটিভিস্ট নেটওয়ার্ক। ধীরে ধীরে তা রূপান্তরিত হয় জনতার আন্দোলনে।
রাজীব ছিলেন এই আন্দোলনের একজন সক্রিয় কর্মী।
