‘বাংলা ভাষায় আমরা এক’
শাহবাগের গণজাগরণ এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে যোগ দিতে সাইকেল চালিয়ে বাংলাদেশে এসেছেন কলকাতার সাত যুবক।
বাংলা কখনো হয় না ভাগ, ভাংলা ভাষায় আমরা এক- স্লোগান নিয়ে শুক্রবার দুপুরে চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে তারা বাংলাদেশে প্রবেশ করেন।
শূন্য রেখায় ফুল দিয়ে তাদের শুভেচ্ছা জানান বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি’র মেজর আনিসুর রহমান এবং দর্শনা পৌরসভার সাবেক মেয়র মতিয়ার রহমান।
কলকাতার হান্ড্রেড মাইলস নামের একটি সংগঠনের আয়োজনে দলনেতা চন্দন সৌরভের সঙ্গী হয়েছেন শরজিৎ রায়, গৌতম সরকার, সুব্রত সরকার, দেবাঞ্জন চক্রবর্তী, স্বর্ণাভ চক্রবর্তী ও মোহাম্মদ হাসান নাওয়াজ।
চন্দন সৌরভ সাংবাদিকদের বলেন, “বাংলা ভাষা কখনো ভাগ হতে পারে না। আমরা মনে করি, ভারত ও বাংলাদেশের বাংলা ভাষাভাষীরা একে অপরের সুখ-দুঃখের সাথী।”
গত ১৩ ফেব্রুয়ারি দুপুর সাড়ে ১২টায় কলকাতার দেশপ্রিয় পার্কের ভাষামঞ্চ থেকে ঢাকার উদ্দেশে তাদের যাত্রা শুরু হয়।
