২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণজাগরণে একাত্মতা সাবেক ছাত্রনেতাদের

স্বৈরাচার প্রতিরোধ দিবসে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে আন্দোলনকারীদের গণজাগরণ মঞ্চে বৃহস্পতিবার সংহতি জানিয়েছেন ১৯৮২ থেকে ১৯৯০ সাল পর্যন্ত স্বৈরাচার পতন আন্দোলনে সক্রিয় ছাত্রনেতারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2013, 06:08 PM

Updated : 23 Aug 2022, 10:12 AM

বৃহস্পতিবার বিকাল ৪টায় শাহবাগ গিয়ে তারা সবার সঙ্গে স্লোগানে কণ্ঠ মেলান,  যেখানে টানা ১০ দিন ধরে চলছে অবস্থান কর্মসূচি।

সাবেক ছাত্রনেতাদের মধ্যে ছিলেন- আনোয়ারুল হক, সুলতান মো. মনসুর, মুশতাক হোসেন, সাইফুল হক, বজলুর রশীদ ফিরোজ, রাজেকুজ্জামান রতন, রাগীব আহসান মুন্না, খবিরউদ্দিন আহমেদ, রুহিন হোসেন প্রিন্স, শফি আহম্মেদ, মুনীরুদ্দীন আহমেদ, আব্দুল আউয়াল, ওবায়দুল হাসান সিদ্দিকী, আসাদুল্লাহ তারেক, ইসহাক আলী খান পান্না প্রমুখ।

সাবেক এই ছাত্রনেতারা এর আগে সকালে শিক্ষা ও গণতন্ত্র স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে ১৯৮৩ সালে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

সামরিক শাসক এইচ এম এরশাদের সময়ে প্রণীত মজিদ খান কমিশনের শিক্ষানীতি বাতিলের দাবিতে ’৮৩ এর ১৪ ফেব্রুয়ারি ছাত্রদের মিছিলে পুলিশের গুলিতে জাফর, জয়নাল, কাঞ্চন, দিপালী সাহা, মোজাম্মেল, আইয়ুবসহ অন্তত ১০ জন নিহত হন।

গণজাগরণ মঞ্চে বৃহস্পতিবার সাবেক ছাত্রনেতাদের পাশাপাশি সংহতি জানান প্রবাসী বাংলাদেশি ব্লগার মুক্তিযোদ্ধা কামরুল আহসান খান, মিরপুর আইডিয়াল গার্লস স্কুল ও কলেজ, উত্তরা আধুনিক মেডিকেল কলেজ ও হাসপাতাল, অভিনেত্রী সুবর্ণা মুস্তফা, ঢাকা বিশ্ববিদ্যালয় পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইন্সটিটিউট, ইস্পাহানি গার্লস স্কুল ও কলেজ, মুক্তিযুদ্ধে শহীদ আমিনের মা।