গানে স্লোগানে জাগরণে
কাদের মোল্লাসহ সব যুদ্ধাপরাধীর সর্বোচ্চ শাস্তির দাবিতে টানা দশ দিন ধরে শাহবাগের স্লোগান, গণসংগীত, মিছিল, গান আর নাটকের মধ্য দিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে বিভিন্ন সংগঠন।
বিক্ষোভের প্রথম দিন থেকে শাহবাগে প্রতিবাদ অব্যাহত রাখা সমগীত সংস্কৃতি প্রাঙ্গণের সভাপতি অমল আকাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্লোগান আর লাগাতার মিছিলের গানের মাধ্যমে প্রতিবাদ অব্যাহত রেখেছি। এই বিক্ষোভ নিয়ে রচিত হয়েছে কয়েকটি নতুন গান। আর এ গানগুলো নিয়ে প্রকাশিত হয়েছে একটি ভাজপত্র।”
গত বুধবার সমগীতের এই নতুন গানে কণ্ঠ মেলায় সমবেত সবাই। কণ্ঠে কণ্ঠে কণ্ঠে শোনা যায়- ‘শাহবাগ আর শাহবাগে নেই/শাহবাগ সারা দেশে/আশার পাখিরা ভাষা পেল আজ/এই শাহবাগে এসে।’
সমগীত নতুন কিছু স্লোগানও তৈরি করেছে- ‘দূর হয়ে যা/দূর হয়ে যা/পাকিস্তানে যা/রাজাকার তোদের দেখে জ্বলছে আগুন/জ্বলছে আমার গা’, ‘আমপাতা জোড়া জোড়া/ওই রাজাকার সরে দাঁড়া/ওই জনতার পাগলা ঘোড়া/ টগবগ টগবগ টগবগ’।
বিক্ষোভের প্রথম দিন থেকেই শাহবাগে অবস্থান করছে নাটকের দল ‘তীরন্দাজ’। নিজেদের তৈরি করা ছয়টি ‘প্যারোডি গান’ ছাড়াও হুমায়ুন আজাদের ‘পাক সার জমিন সাদ বাদ’ এর নাট্যরূপ ‘অনৈতিহাসিক’ পরিবেশন করছে তারা।
এ দলের সদস্য হুমায়ুন আজম দেওয়ান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিক্ষোভের এ দশ দিনে নাটকটির ২৫ বার দেখানো হয়েছে। প্রতিদিন বিকাল থেকে সারা রাত আমাদের নাটক, গান, চলে। রাত ১২টার পরে আমরা দর্শকদের জন্য মঞ্চ ছেড়ে দিই।”
নাটকের বিভিন্ন সরঞ্জাম দিয়ে দলের সদস্যদের শাহবাগে রাত কাটানোর কথা জানান দেওয়ান।
যুদ্ধাপরাধের মামলায় জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসির দাবিতে বৃহস্পতিবার সকালে রাজধানীর শাহবাগ মোড়ে নাটক প্রদর্শন করে আন্দোলনকারীরা।
সংগঠনের সদস্য আমজাদ হোসেন বলেন, “আমরা দশজন ব্যক্তিগত উদ্যোগে মুক্তিযুদ্ধকালীন সময়ের বিভিন্ন আলোকচিত্র প্রদর্শন করছি।”
শাহবাগের গণজাগরণ মঞ্চকে প্রতিদিনই প্রতিবাদী গান ও গণসংগীতের মাধ্যমে প্রাণবন্ত রাখছে চারণ সাংস্কৃতিক কেন্দ্র ও উদীচী।
চারণ সাংস্কৃতিক কেন্দ্রের গোবিন্দ চন্দ্র দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রতিবাদী গান, জাগরণের গানের পাশাপাশি আমরা আমাদের নিজস্ব পরিবেশনা জারি গান পরিবেশন করছি। প্রতিদিন দুই থেকে তিনবার জারি গান গাওয়া হচ্ছে।”
এছাড়াও গ্রাম বাংলা থিয়েটার পরিবেশন করছে প্রতিবাদী কবিতা, থিয়েটার করছে গান; ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্য কলা বিভাগ সংগ্রহ করছে স্বাক্ষর এবং ছবির হাটে চলছে প্রতিবাদী চিত্রকলা প্রদর্শনী।
গত ৫ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় আসার পর তা প্রত্যাখ্যান করে ফাঁসির দাবিতে এই আন্দোলন শুরু করে ব্লগার ও অনলাইন অ্যাকটিভিস্ট নেটওয়ার্ক। ধীরে ধীরে তা রূপান্তরিত হয় জনতার আন্দোলনে।
সেই থেকে জাগ্রত জনতা রাতদিন শাহবাগে অবস্থান নিয়ে স্লোগান দিয়ে আসছে- ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, রাজাকারের ফাঁসি চাই।’
বৃহস্পতিবার দিনের আলো ফুটতেই সমবেত কণ্ঠে জাতীয় সংগীতের মধ্য দিয়ে গণজাগরণ মঞ্চের দশম দিনের কর্মসূচি শুরু হয়। সকাল ৬টা ৫মিনিটে সবাই উঠে দাঁড়িয়ে জাতীয় সংগীত গেয়ে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে অবিচল থাকার শপথ নেন।
জাতীয় সংগীত শেষে সম্মিলিত কণ্ঠে তারা স্লোগান ধরেন-‘ফাঁসি, ফাঁসি, কাদের মোল্লার ফাঁসি চাই।’
আগের দিন পহেলা ফাল্গুন শাহবাগের আন্দোলনে এনে দেয় বাসন্তী রঙ। হলুদ কমলা গেরুয়া বাসন্তী সাজে তরুণ-তরুণীদের কণ্ঠে ছিল রাজাকারের ফাঁসি ও জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধের স্লোগান।
একাত্তরের শহীদদের প্রতি শ্রদ্ধা এবং যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে সন্ধ্যা ৭টায় শাহবাগের সঙ্গে সারা দেশে চলে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে পথ চলতি জনতা- সাবই মোমের আলোয় শামিল হন এ কর্মসূচিতে।
শুক্রবার বিকালে শাহবাগে জাগরণ সমাবেশ থেকে আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।
