২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘নিরাপদ পৃথিবী চায় নারী’

নারীর বিরুদ্ধে সহিংসতা রুখে দেয়ার অঙ্গীকার নিয়ে বিশ্বের অন্য দেশগুলোর মতো হাতে হাত রেখে দাঁড়িয়েছে বাংলাদেশও।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2013, 02:29 PM

Updated : 23 Aug 2022, 10:12 AM

এই কর্মসূচিতে একাত্তরে পাকিস্তানি বাহিনীর দ্বারা নারী নির্যাতনের বিষয়টিও উঠে আসে।  

বিশ্ব ভালবাসা দিবসে বৃহস্পতিবার একশ’ কোটি মানুষের সঙ্গে একাত্মতা প্রকাশ করতেই দেশের কয়েকটি নারী সংগঠন ও প্রতিষ্ঠানের  ডাকে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

দুপুর ১টায় নারী নির্যাতনবিরোধী ব্যানার, প্ল্যাকার্ড, পোস্টার নিয়ে “উদ্যমে উত্তরণে শত কোটি” শীষর্ক এই মানববন্ধনে অংশ নেয় ঢাকাসহ ৬৪টি জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

‘নারী নির্যাতনের ঘটনায় নীরবতা আর না’, ‘ধর্ষণমুক্ত সমাজ চাই’, ‘আমরা ’৭১-এ ধর্ষণের কথা ভুলিনি’, ‘আজ আর সহিংসতা সহ্য করা হবে না’, ‘সব স্থান হোক নারীর জন্য নিরাপদ’ প্রভৃতি স্লোগান।

এই আয়োজনে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়সহ বিভিন্ন শিল্প-কারখানার মালিক ও শ্রমিক সংগঠন, বেসরকারি সংগঠন, স্কুল-কলেজ, সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়, বিভিন্ন পেশাজীবী সংগঠন ও গণমাধ্যমসহ শতাধিক প্রতিষ্ঠান একাত্মতা প্রকাশ করে।

‘ওয়ান বিলিয়ন রাইজিং (ওবিআর)’র ডাকে সারাবিশ্বে এ আয়োজনের সঙ্গে একাত্মতা জানায় জাতিসংঘও।

Image
নারীর প্রতি সহিংসতা রোখার আহ্বানে বিশ্বের অন্য দেশগুলোর মতো বাংলাদেশেও কর্মসূচি

নারীর প্রতি সহিংসতা রোখার আহ্বানে বিশ্বের অন্য দেশগুলোর মতো বাংলাদেশেও কর্মসূচি

ওবিআর’র বাংলাদেশের সদস্য সালেহউদ্দিন জামান অটন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, লাল রঙের পোশাকে দুপুর দেড়টা পর্যন্ত ঢাকা শহরে ৪২টি পয়েন্টে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

নারী সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মানববন্ধন করেন। এতে অংশ নেন বেবী মওদুদ, শাহীন মনোয়ারা হক, শাহিদা তারেখ দিপ্তী, ফজিলাতুন নেসা বাপ্পী, রওশন জাহান সাথী, তহুরা আলী প্রমুখ।

মানববন্ধনের পর বিকাল ৩টা থেকে শিল্পাকলা একাডেমি প্রাঙ্গণে ‘প্রতিবাদ করি, প্রতিরোধ গড়ি’ শিরোনামে এক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে নোবেলজয়ী মুহম্মদ ইউনূস, ব্র্যাকের প্রধান ফজলে হাসান আবেদ ও অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের শুভেচ্ছা বাণী প্রচার করা হয়।

আয়োজনে সহায়তাকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে অ্যাকশনএইড, মানুষের জন্য ফাউন্ডেশন, নারীপক্ষ, ব্র্যাক, প্ল্যান ইন্টারন্যাশনালসহ আরো বেশ কয়েকটি সংস্থা রয়েছে।

বিশ্বব্যাপী এই কর্মসূচির ডাক দিয়েছে যুক্তরাষ্ট্রের নারীবাদী সংগঠন ‘ভি-ডে’। দক্ষিণ এশিয়াসহ বিশ্বের ২০০টি দেশ ইতোমধ্যে তাদের ওই আহ্বানে সাড়া দিয়েছে।