২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বইমেলায় বাসন্তীরাগ

বুধবার বইমেলার ফটক খোলার সঙ্গে সঙ্গে বসন্তের রঙে ছেয়ে যায় বাংলা একাডেমী প্রাঙ্গণ।

রাশেদ শাওন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2013, 07:44 PM

Updated : 23 Aug 2022, 10:12 AM

কারো পরনে ছিল হলুদ আবার কেউবা সাজেন লাল রঙের পোশাকে, অনেক তরুণীর মাথায় ছিল ফুল। মোটামুটি বসন্তের রঙ ছড়িয়ে পড়েছিল প্রকাশক-বিক্রেতাদের মাঝেও।

বসন্ত উৎসবে যেমন ছিল রঙের ছড়াছড়ি, তেমনি ছিলো দেশপ্রেমে জাগ্রত তারুণ্যের প্রতিবাদী প্রত্যয়। পাশের শাহবাগে প্রজন্ম চত্বরের হুঙ্কারের ঢেউও লেগেছিল মেলায়।

তিথি, ফারজানা আর লাবণী মেলার উদ্দেশে সকালেই এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়।

তিথি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা সকালে চারুকলার বসন্ত বরন অনুষ্ঠানে যোগ দিয়েছি। তারপরে টিএসসির সামনে বসন্ত উৎসবেও হাজির ছিলাম। এরপরে আবারো শাহবাগে গিয়েছিলাম। তিনটায় মেলা খোলার পরে এখানে এসেছি।”

গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলের দশম শ্রেণীর ছাত্র হাসিন শাহেদ শাদ তার সহপাঠীদের নিয়ে মেলায় এসেছেন প্রথম দিনের মতো। তার ভাষায়, “এবারের মেলায় আজকেই প্রথম এলাম। মেলায় আসার আগে বন্ধুদের নিয়ে শাহবাগের ‘প্রজন্ম চত্বরে’ সংহতি জানিয়ে এসেছি।”

বুধবার প্রয়াত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের বইগুলো বেশি বিক্রি হতে দেখা গেছে।

‘অন্য প্রকাশ’ এর বিক্রয়কর্মী শিশির বলেন, “স্যারের পুরনো বইগুলো বেশি বিক্রি হচ্ছে। ‘হিজিবিজি’ ও বিক্রি হচ্ছে ভালো। এ বছর আজকের বিক্রয় সবচেয়ে ভালো।”

২০ ফেব্রুয়ারি মেলায় হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস ‘দেয়াল’ মেলায় আসবে বলেও জানান তিনি।

লিটল ম্যাগ চত্বরে স্টল পাওয়া প্রকশনা প্রতিষ্ঠান প্রজ্বলন এর সত্ত্বাধিকারী অপু বলেন, ‘আমরা মেলায় প্রথম বারের মত অংশ নিচ্ছি। এ পর্যন্ত আটটি বই প্রকাশিত হয়েছে । সবগুলো বইই বিক্রি হচ্ছে।

বসন্তের আগমনীর এই দিনে সন্ধ্যা নাগাদ কানায় কানায় ভরে ওঠে। দেখা গেছে, রাত নয়টায় মেলা বন্ধ হওয়ার আগ মুহুর্ত পর্যন্ত স্টলগুলোতে বিক্রিবাট্টা হয়েছে।

প্রবাসীর শাস্তি প্রত্যাহার: বাংলা একাডেমীর মেলা নীতিমালা বাস্তবায়ন কমিটির মঙ্গলবারের সভায় সিদ্ধান্ত নিযেছিলেন বুধবার থেকে বন্ধ থাকবে প্রবাসী লেখকদের বইয়ের স্টল ‘পরবাসী’। তবে মেলায় এই স্টলটি আজ খোলাই ছিলো।

বাংলা একাডেমীর জনসংযোগ উপবিভাগের উপপরিচালক মুর্শিদুদ্দিন আহম্মদ এ বিষয়ে বলেন, “আমরা তাদের মালিককে জানিয়েছি, তারা যেসব বই স্টলে বিক্রি করছে সেই বইগুলো নিয়ে পরিচালনা কমিটি আপত্তি জানিয়েছে। সেই অনুযায়ি তাদের স্টলটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত হয়। এরপরে তারা সেসব বই সরিয়ে ফেলছেন। এছাড়া তারা চিঠি দিয়ে বিষয়টির জন্য ক্ষমা প্রার্থনাও করেছেন।’

নজরুল মঞ্চ

নজরুল মঞ্চে বুধবার ১৭টি নতুন বইয়ের মোড়ক উন্মোচন হয়। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু উন্মোচন করেন সূচীপত্র থেকে প্রকাশিত হারুন রশীদের ‘তিন উপন্যাস/শোকের শহরে’, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ডা. শিরিন শারমিন চৌধুরী উন্মোচন করেন বিদ্যা প্রকাশনী থেকে প্রকাশিত শামসুদ্দিন আজাদের ‘গণতন্ত্র ও আমাদের রাজনৈতিক সংস্কৃতি’, আহসান হাবীব উন্মোচন করেন বিভাস থেকে প্রকাশিত আহসান কবীরের ‘পাক নয় পাকি বলুন’, কথাসাহিত্যিক আনিসুল হক উন্মোচন করেন দিব্যপ্রকাশ থেকে প্রকাশিত সিনহা আবুল মনসুরের ‘হুমায়ূন একজন হ্যামিলনের বাঁশিওয়ালা’।

বুধবারের বই

বাংলা একাডেমীর দেওয়া তথ্য অনুযায়ী বুধবার মেলায় এসেছে ১১৮টি বই। এর মধ্যে গল্পের ১৪টি, উপন্যাস ২৪টি, প্রবন্ধ-৯টি, কবিতা-২৯টি, ছড়া- ৬টি, শিশুতোষ ৭টি, জীবনী ৩টি, মুক্তিযুদ্ধ ১টি, বিজ্ঞান-২টি, ভ্রমণ-১টি, ইতিহাস-১ টি, স্বাস্থ্য ১টি, রাজনীতি ১টি, রম্য ১টি, অনুবাদ ২টি, সায়েন্স ফিকশন ২টি, এবং অন্যান্য-১৪টি।

উল্লেখযোগ্য বইগুলোর মধ্যে সুচয়নী পাবলিশার্স এনেছে কে.এম আতিকুর রহমান ‘সাদা স্বর্ণ’, আগামী প্রকাশনী এনেছে ফাহমিদুল হক এবং আল মামুন এর ‘গণমাধ্যম’, সাহিত্য বিকাশ এনেছে ঝর্ণা দাশ পুরোকায়স্থ-এর ‘শীতের ভূত’, জাগৃতি প্রকাশনী এনেছে তারেক সালাহ উদ্দিনের ‘অপার্থিব জোছনার কাব্য’, পার্ল পাবলিকেশন্স এনেছে মোস্তফা মামুনের ‘মহাপুরুষ টু দি পাওয়ার ট্রেন’, তালাত মাহমুদের ‘রুমু হিমঘরে’, অ্যাডর্ন পাবলিকেশন এনেছে আনোয়ারা আজাদের ‘শঙ্খকন্যা আখতার’, আশরাফ আল দীন-এর ‘ভ্রমণ পশ্চিমে’, আনিসুল হকের ‘সুন্দরবন’, সুলেখা প্রকাশনী থেকে এসেছে অপরেশ বন্দ্যোপাধ্যায়ের ‘বিশ্বের সেরা বিজ্ঞানী সেরা আবিষ্কার’, বিশ্বসাহিত্য ভবন থেকে জাহীদ রেজা নূর-এর ‘মেয়ে’, হুমায়ূন কবির ঢালী’র ‘টুইঙ্কল টুইঙ্কল বিলাই আঙ্কেল’, মোস্তফা মঈনের ‘মুঠোফুল’, মিজান পাবলিশার্স এনেছে মোস্তফা ফয়সাল পারভেজ-এর ‘তত্ত্বাবধায়ক সরকার অতীত ও ভবিষ্যৎ’, শিকড় এনেছে আবদুল হাই শিকদারের ‘আমাদের টম কে জানো’, অনিন্দ্য প্রকাশ এনেছে আলী ইমাম-এর ‘কিশোর অমনিবেস ৩’, অক্ষর প্রকাশনী এনেছে মুহাম্মদ হাবীবুর রহমানের ‘হবুচন্দ্রের কিস্সা’, সৃজনী এনেছে আহমান হাবীবের ‘জে ও কে ই এস+’, সেলিনা হোসেনের ‘আকাশ পাখির গল্প’, মশিউর রহমানের ‘অদৃশ্য মানব’, চন্দ্রাবতী একাডেমী থেকে হাশেম খানের ‘বনের রাজা শেয়াল’, সালমা বুক ডিপো এনেছে নির্মলেন্দুগুণের কবিতার বই ‘পৃথিবী জোড়া গান’ এবং ‘প্রথম দিনের সূর্য’, অন্য প্রকাশ এনেছে মোকারম হোসেনের ‘বাংলার শত ফুল’, বিভাস এনেছে মহাদেব সাহা’র কবিতা গ্রন্থ ‘সর্বাঙ্গে তোমার গুঞ্জন’, সময় প্রকাশন এনেছে মুহম্মদ জাফর ইকবালের ‘ব্লাক হোলের বাচ্চা’, অবসর এনেছে শহিদ হোসেন খোকনের হুমায়ূন আহমেদ ওল্ড ফুলস ক্লাব’, কালিকলম এনেছে মোহন খানের ‘যখন ভালোবাসা’, ও ‘ভালোবাসা ভালো আছো’ প্রভৃতি।

মূল মঞ্চের আয়োজন

বিকেল ৪টায় গ্রন্থমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘কামরুদ্দীন আহমদ: সমাজ ও জীবনদর্শন’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। আলোচনার শুরুতে সদ্যপ্রয়াত লেখক-সাংবাদিক আবদুল মতিনের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক মাহবুবা নাসরীন। আলোচনায় অংশগ্রহণ করেন ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসীর মামুন, ড. মুহাম্মদ সামাদ, ড. জালাল ফিরোজ এবং লেখক আহমাদ মাযহার। সভাপতিত্ব করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. আকবর আলী খান।

সভাপতির বক্তব্যে ড. আকবর আলী খান বলেন, কামরুদ্দীন আহমদ ছিলেন একজন রেঁনেসা-মানব। তাঁর প্রাগ্রসর ও দায়বদ্ধ বুদ্ধিবৃত্তিকতা এখনও সমান প্রাসঙ্গিক। মুক্তিযুদ্ধোত্তরকালে প্রকাশিত রচনাসমূহে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়, চালচলন ও অভিযাত্রা সম্পর্কে তাঁর নির্মোহ বিশ্লেষণ সমকালে দুর্লভ। জন্মশতবর্ষে তাঁকে স্মরণ করে বাংলা একাডেমী আমাদের ধন্যবাদার্হ হয়েছেন।

সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে গোলাম মোস্তফা খানের পরিচালনায় বেনুকা ললিত কলাকেন্দ্র সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। সংগীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী লীনা তাপসী, রুমানা ইসলাম, দীনাত জাহান মুন্নী, রোকসানা হোসেন, সন্দীপন দাস, নবীন কিশোর এবং নাসিমা শাহিন ফেন্সি। যন্ত্রাণুষঙ্গে ছিলেন রবীন্দ্রনাথ পাল (তবলা), মো. ফারুক (প্যাড), হাসান আলী (বাঁশি), সুমন রেজা খান(কী-বোর্ডে) এবং এনামুল হক (গীটার)।   

বৃহস্পতিবারের অনুষ্ঠান

বৃহস্পতিবার ১৪ ফেব্রুয়ারি, মেলার প্রবেশদ্বার খুলবে বিকাল তিনটায়। এরপরে বিকেল ৪টায় গ্রন্থমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে ‘তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করবেন জাকির তালুকদার।

আলোচনায় অংশ নেবেন রশীদ হায়দার, আবুল মোমেন, মুহম্মদ শহীদ উজ জামান ও কাঞ্চন কুন্তলা মুখোপাধ্যায়। সভাপতিত্ব করবেন হাসনাত আবদুল হাই। সন্ধ্যায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান।